বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম দুই ম্যাচে অনেকটাই নিষ্প্রভ ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিয়ো। অথচ গত লিগের সর্বোচ্চ গোলদাতা তিনিই। অবশেষে জড়তা কাটিয়ে তৃতীয় ম্যাচে জ্বলে উঠলেন ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান। রবিনিয়োর একমাত্র লক্ষ্যভেদেই মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বসুন্ধরা।
আজ (শনিবার) টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে রবিনিয়োর সঙ্গে আরেক তারকা বসনিয়া-হার্জোগোভিনার স্তোয়াইন ভ্রানিয়েসও গোল পেতে পারতেন। কিন্তু স্পট কিক থেকে বল বাইরে মেরে সেই সুযোগ হারান ৩১ বছর বয়সী ফরোয়ার্ড। তার আগেই অবশ্য বসুন্ধরা ১-০ গোলে অগ্রগামী ছিল। তাই ভ্রানিয়েসের পেনাল্টি মিস আক্ষেপ হতে দেননি রবিনিয়ো। কাজটা তিনি আগেই সেরে রেখেছিলেন।
প্রথমার্ধে আধিপত্য দেখিয়েও গোল আসেনি বর্তমান চ্যাম্পিয়নদের। বরং ২১ মিনিটে মুক্তিযোদ্ধা এগিয়ে যেতে পারতো। মিডফিল্ডার সোমা ওতাঞ্জ মাঝমাঠ থেকে দূরপাল্লার শট নিয়ে প্রতিপক্ষকে হকচকিয়ে দেন। গোলবারের সামনে একা থাকা আনিসুর রহমান জিকো এক হাত দিয়ে কোনোমতে বাঁচান।
২৫ মিনিটে ইব্রাহিমের ক্রসে এক ডিফেন্ডার হেড করতে গিয়ে আর একটু হলে নিজেদের জালে জড়িয়ে দিয়েছিলেন। ভাগ্য ভালো যে বল ক্রসবারে লেগে মাঠের বাইরে চলে যায়।
৪৪ মিনিটে অস্কার ব্রুজনের দলের ভালো সুযোগ নষ্ট হয়। সোহেল রানার সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে বক্সে ঢুকে রবিনিয়ো কোনাকুনি শট নিলেও গোলকিপার মোহাম্মদ রাজীব প্রতিহত করেন।
বিরতির পর শুরুতেই সুযোগ নষ্ট হয় বসুন্ধরার। ৪৭ মিনিটে রবিনিয়োর ক্রস গোলকিপার ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, সামনে থেকে সোহেল রানার বাঁ পায়ের শট পোস্টের অনেক দূর দিয়ে যায়।
৫৮ মিনিটে ডেডলক ভাঙেন রবিনিয়োই। বক্সের একটু বাইরে থেকে জায়গা করে নিয়ে ডান পায়ের মাটি গড়ানো শটে দলকে ১-০ গোলে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা।
মুক্তিযোদ্ধা পিছিয়ে থেকে ৭৬ মিনিটে গোল শোধের সুবর্ণ সুযোগ নষ্ট করে। হাবিবুর রহমানের কর্নারে আহমেদ আইমানের হেড গোললাইন থেকে ওবায়দুর রহমান নবাব ক্লিয়ার করে দলকে ম্যাচে রাখেন।
পরের মিনিটে বসুন্ধরা ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে। নিজেদের সীমানায় মহিউদ্দিন হালকা টাচে রবিনিয়োকে ফেলে দিলে পেনাল্টির নির্দেশ আসে। স্পট কিক থেকে স্তোয়াইন ভ্রানিয়েস নিচু শটে পোস্টের বাইরে দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন।
ফলে ১-০ গোলের স্কোরলাইন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে গতবারের চ্যাম্পিয়নদের। বসুন্ধরা ৩ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে। মুক্তিযোদ্ধা সমান ম্যাচে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।
দিনের অন্য খেলায় মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল শেখ জামাল ও পুলিশ এফসি। ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ হয়েছে।









