মালদ্বীপে প্রচুর বাংলাদেশির কাজের সূত্রে বসবাস। সাফ চ্যাম্পিয়নশিপে গত অক্টোবরে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচে টিকিট নিয়ে জল ঘোলা কম হয়নি। কাঙ্ক্ষিত ম্যাচ টিকিট যে পাওয়া হয়নি। আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) দুই দলের আরও একটি ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে। প্রবাসীদেরও দৃষ্টি সেই ম্যাচকে ঘিরে। তবে আজও তাদের আগের মতো হতাশ হতে পারে!
মালে জাতীয় স্টেডিয়ামে আসন সংখ্যা প্রায় ১২ হাজার। বাফুফে সূত্রে জানা গেছে, এই ম্যাচের জন্য মোট আসনের ৩০ ভাগ টিকিট চাওয়া হয়েছে। কিন্তু আয়োজকরা মাত্র ৫০০ টিকিট দিতে চাইছে! তবে এ নিয়ে দেন-দরবার চলছে।
মাঠে নিজেদের দর্শক থাকলে যে বাড়তি অনুপ্রেরণা জোগায় তা জামাল ভূঁইয়ারা ভালোভাবে বুঝতে পারছেন। তাই তো জামাল ম্যাচের আগে বলেছেন, ‘আমি আশাকরি মালদ্বীপ ফুটবল ফেডারেশন বাংলাদেশিদের এ ম্যাচ দেখার সুযোগ দেবে। এটা মালদ্বীপের হোম ম্যাচ, কিন্তু এখানে অনেক বাংলাদেশি আছে, যারা আমাদের সমর্থক। তারা যেন পর্যাপ্ত টিকেট পায়।’









