প্রথম বাংলাদেশি হিসেবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ কর্পোরেট ফুটবলের (ফিফকো) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিজিএমইএ-এর পরিচালক ইমরানুর রহমান। তিনি কর্পোরেট ফুটবলের সব থেকে সফল ফুটবলার। ২০০ ম্যাচে তার গোলসংখ্যা ৩৮০টি। ইমরানুর কর্পোরেট ফুটবল দল ‘বানদো’ এর অধিনায়ক এবং কর্পোরেট ফুটবলের একজন সফল সংগঠকও।
দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ কর্পোরেট ফুটবল (ফিফকো) হল সারা বিশ্বের কর্পোরেট ফুটবলের পরিচালনা পর্ষদ। যার সদর দপ্তর কানাডার মন্ট্রিয়লে অবস্থিত। সারা বিশ্বের ৬৫টি দেশের ১ লাখ ৫০ হাজার কোম্পানির ২.৫ মিলিয়ন খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত ওয়ার্ল্ড কর্পোরেট ফুটবলের একমাত্র সংগঠন হল ফিফকো। যারা ওয়ার্ল্ড কর্পোরেট চ্যাম্পিয়নন্স কাপের অফিসিয়াল অর্গানাইজারও।
ইমরানুর রহমান নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমি বানদো ফুটবল দলের সকল খেলোয়াড় ও সমর্থকদের কৃতজ্ঞতা জানাই, যারা আমার বড় স্বপ্ন দেখার পেছনে উৎসাহ জুগিয়েছেন। ধন্যবাদ জানাই ফিফকো এর প্রেসিডেন্ট আলবার্ট জিবলিকে; যিনি এই সম্মানজনক প্রাপ্তিতে আমার ওপর বিশ্বাস রেখেছেন। আমার বিশ্বাস আমি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে অবদান রাখতে পারবো।’









