লে ক্লাসিক বলে কথা। কোথায় মার্শেই-পিএসজির দ্বৈরথ উপভোগ করবে; সেটি না করে চ্যাম্পিয়নস লিগ হতাশায় এখনও ডুবে আছে পিএসজি সমর্থকেরা।
অথচ লে ক্লাসিকসহ অন্য সময় এই সমর্থক-গোষ্ঠী গ্যালারির আবহটাকে কোলাহলপূর্ণ করে রাখতে সিদ্ধহস্ত। পারেন পরিবেশটা উত্তাল রাখতেও। ঠিক এই দর্শকেরাই এদিন পার্ক দ্য প্রিন্সেসে পালন করেছেন নীরবতা! বোঝাই যাচ্ছে, চ্যাম্পিয়নস থেকে পিএসজির বিদায় তারা মেনে নিতে পারেননি।
লিগ ওয়ানের ম্যাচের পর তাই হতাশা প্রকাশ করেন পিএসজি অধিনায়ক মার্কুইনহোস, ‘এই ধরনের আবহ আমরা মোটেও আশা করিনি। ক্লাসিকের মতো ম্যাচে সবকিছু একপাশে রেখে উপভোগ করা উচিত। আমরা আমাদের সমর্থকদের বেশ ভালোই চিনি।’
অবশ্য সমর্থকেরা নীরবতা পালন করে প্রতিক্রিয়া জানালেও লে ক্লাসিকে নিজেদের সবটা উজাড় করে দিয়েছে পিএসজি। ২-১ গোলে জেতা ম্যাচটার ১২ মিনিটে প্রথম জাল কাঁপান নেইমার। কিন্তু ৩১ মিনিটে মার্শেইকে সমতায় ফেরান কালেতা কার। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে জাল কাঁপান এমবাপ্পে। তার আগে অফসাইডের ফাঁদে পড়ে গোল বাতিল হয়েছে মেসির।
নেইমার হলুদ কার্ড দেখলে কিছুটা উত্তেজনা ছড়ায় দ্বিতীয়ার্ধে। এই অর্ধে অফসাইডের কারণে ব্যবধানে হেরফের ঘটাতে পারেনি কেউ। মেসির বানিয়ে দেওয়া বলে ৭৫ মিনিটে জাল কাঁপিয়েছিলেন এমবাপ্পে। পরে অফসাইডের কারণে বাতিল হয়ে গেছে তা। মার্শেইও ভেবেছিল ম্যাচ শেষের ৫ মিনিট আগে তারা বোধহয় সমতা ফিরিয়েছে। কিন্তু সালিবার গোল বাতিল হয়ে যায় অফসাইডে।
৩২ ম্যাচ পর পিএসজির সংগ্রহ ৭৪ পয়েন্ট। আগামী সপ্তাহেই হয়তো তারা লিগ শিরোপা ঘরে তুলতে পারবে। সমান ম্যাচে মার্শেই ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে।









