ক্রিকেট তীর্থ হিসেবে পরিচিত অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) মুখোমুখি হতে পারেন নেইমার-মেসি! কারণ, কাতার বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। মাচটি যে হচ্ছেই, তার সত্যতা নিশ্চিত করেছে ভিক্টোরিয়া রাজ্য সরকার।
প্রীতি ম্যাচে মুখোমুখি হলেও লাতিন অঞ্চলের দুই শক্তিশালী দেশের লড়াইটা সব সময় উপভোগের মঞ্চ। জমজমাট লড়াইয়ের প্রতিশ্রুতি থাকে বলেই তাদের ম্যাচটাকে ডাকা হয় সুপারক্লাসিকো। দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ জুন।
টুইটারে ম্যাচটি আয়োজনের কথা জানান ভিক্টোরিয়া রাজ্যের ক্রীড়া মন্ত্রী মার্টিন পাকুলা। তিনি সেখানে বলেছেন, ‘অবশেষে সুপারক্লাসিকো হতে যাচ্ছে।’
অবশ্য সুপারক্লাসিকো অস্ট্রেলিয়ানদের কাছে মোটেও অপরিচিত কোনও ইভেন্ট নয়। ২০১৭ সালেও অস্ট্রেলিয়ার মাটিতে দুটি দেশ মুখোমুখি হয়েছিল। সেবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৯৫ হাজার দর্শকের সামনে ১-০ তে জিতেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে ৭ বারের ব্যালন ডি অ’র জয়ী লিওনেল মেসি খেললেও নেইমার ছিলেন না।
এবার অবশ্য দুই মহাতারকাকে পাওয়ার আশা ছাড়ছে না অস্ট্রেলিয়া। পাকুলা বলেছেন, ‘অবশ্যই যে আলোচনা হয়েছে, তাতে আমরা প্রত্যাশা করছি মেসি-নেইমারের মতো তারকারা থাকবেন।’ তবে শতভাগ নিশ্চয়তা দিতে পারলেন না তিনি, ‘আমরা শতভাগ নিশ্চয়তা তো দিতে পারছি না। তবে আমাদের বলা হয়েছে বিশ্বকাপের আগে এই প্রস্তুতি ম্যাচটা তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আশা করছি, তারা শক্তিশালী দলটাই পাঠাবে।’
সুপারক্লাসিকোর পর আরও কিছু আন্তর্জাতিক জায়ান্ট মেলবোর্নে প্রীতি ম্যাচ উপহার দেবে। জুলাইয়ে মেলবোর্ন ভিক্টোরির বিপক্ষে মুখোমুখি হতে আসবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড।









