চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়ে বার্সেলোনা নেমে গিয়েছিল ইউরোপা লিগে। সেখানেও টিকতে পারেনি ইউরোপের অন্যতম শক্তিধর দলটি। কোয়ার্টার ফাইনালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে হেরে বিদায় নিয়েছে। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে তাদের হারে জার্মান ক্লাবটির দর্শকদের প্রভাব আছে। প্রতিপক্ষের মাঠেও পেয়েছিল ৩০ হাজার দর্শকের সমর্থন! বার্সেলোনার এই ‘ভুল’ থেকে শিক্ষা নিয়েছে ওয়েস্ট হাম। ইংলিশ ক্লাবটির মাঠে নির্দিষ্ট সংখ্যার বেশি ফ্রাঙ্কফুর্ট দর্শক ঢুকতে পারেননি।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় দর্শকদের নিয়ে উয়েফার কিছু নিয়ম-নীতি আছে। এই যেমন প্রতিপক্ষের দর্শকদের জন্য সর্বোচ্চ ৫ হাজার টিকিট রাখতে হবে। অথচ বার্সেলোনার বিপক্ষে ন্যু ক্যাম্পে ফ্রাঙ্কফুর্টের দর্শক ছিল ৩০ হাজার। ওই ভুল যেন আর না হয় সেজন্য টিকিট বিক্রিতে নতুন নিয়ম এনেছে কাতালানরা। ওয়েস্ট হাম অবশ্য আগেই শিক্ষা নিয়ে কাজ সেরে রেখেছিল।
ইউরোপা লিগ সেমিফাইনালের প্রথম লেগে ওয়েস্ট হামের মাঠে আতিথ্য নিয়েছিল ফ্রাঙ্কফুর্ট। এই ম্যাচের আগেই ইংলিশ ক্লাবটি হুমকি দিয়ে রেখেছিল- যদি কেউ নিজের টিকিট অন্য কাউকে বিক্রি করে, তাহলে তাদের গোটা মৌসুমের টিকিট বাতিল ও স্টেডিয়ামে নিষিদ্ধ করা হবে।
ওয়েস্ট হাম কর্তৃপক্ষের এই হুমকি কাজেও এসেছে। বেশ কয়েকটি ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, ১০ হাজার ফ্রাঙ্কফুর্ট ভক্ত গিয়েছিলেন লন্ডনে। তবে স্টেডিয়ামের গ্যালারিতে ছিল জার্মান ক্লাবটির ৩ হাজার সমর্থক।
এবার ভক্ত-সমর্থকদের সমর্থন খুব একটা না পেলেও ফ্রাঙ্কফুর্টের জয়রথ কিন্তু থামেনি। ওয়েস্ট হামের মাঠ থেকে ২-১ গোলে জিতেই ফিরেছে জার্মান ক্লাবটি। প্রতিপক্ষের মাঠে এগিয়ে থাকায় ফাইনালে এক পা দিয়ে রেখেছে ফ্রাঙ্কফুর্ট।








