ফিফা র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ। প্রথমার্ধে স্বাগতিকদের কোনও গোল করতে দেয়নি লাল-সবুজ দল। যদিও ইন্দোনেশিয়া আধিপত্য বিস্তার করে খেলেছে। তবে একের পর এক আক্রমণ হেনেও গোল বের করতে পারেনি। ফলে প্রথম ৪৫ মিনিট শেষে গোলশূন্য স্কোরলাইন।
আজ (বুধবার) ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বান্দুংয়ের জালাক হারুপাত সোরেং স্টেডিয়ামে সম্ভাব্য ৪-১-৪-১ ছকে খেলছে হাভিয়ের কাবরেরার দল। তেকাঠির নিচে যথারীতি আনিসুর রহমান জিকো। লেফট ব্যাকে ইয়াসিন আরাফাত ও রাইট ব্যাকে রিমন হোসেন। আর মাঝে দুই রক্ষণ স্তম্ভ টুটুল হোসেন বাদশা ও বিশ্বনাথ ঘোষ।
ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলছেন আতিকুর রহমান ফাহাদ। দুই মিডফিল্ডার জামাল ভূঁইয়া ও বিপলু আহমেদের পাশাপাশি উইংয়ে মোহাম্মদ ইব্রাহিম ও রাকিব হোসেন।
আর জাতীয় দলে প্রথমবারের মতো ‘নাম্বার নাইন’ হিসেবে অভিষেক হয়েছে সাজ্জাদ হোসেনের। নাবীব নেওয়াজ জীবন ও সুমন রেজা না থাকায় সাজ্জাদের সামনে সুযোগটা এসেই গেলো।
তবে এই একাদশ নিয়ে মাঠে নেমে বেশ চাপে আছে বাংলাদেশ। তবে স্বস্তির জায়গা হলো, ইন্দোনেশিয়া বারবার চেষ্টা করেও গোল পায়নি গোলকিপার জিকো ও রক্ষণের দৃঢ়তায়।
ম্যাচ ঘড়ির ১১ মিনিটে ইন্দোনেশিয়া প্রথম সুযোগ পায়। আসনাওয়ি ম্যাংকুয়ালামের লম্বা থ্রো-ইন থেকে ফাসরুদ্দিনের হেড গোলকিপার ডান দিকে ঝাঁপিয়ে পড়ে আটকান।
দুই মিনিট পর বক্সের একটু ভেতর থেকে সাদ্দিল রামদানির বাঁ পায়ের জোরালো শট গোলকিপার বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে গোল হতে দেননি। পরের মিনিটে তাদের একজনের জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে যায়।
২১ মিনিটে সতীর্থের ডিফেন্সচেরা পাস থেকে স্টিফেনো জানজি বক্সে ঢুকে শট নিলেও আগুয়ান গোলকিপার জিকোর শরীরে লেগে বাইরে চলে যায়।
বাংলাদেশ ২৫ মিনিটে সুযোগ পেলেও লক্ষ্যভেদ হয়নি। বক্সের বাইরে থেকে রাকিব হোসেনের জোরালো শট গোলকিপারের গ্লাভসে জমা পড়ে। এছাড়া প্রথমার্ধের শেষ দিকে জামালের শট ব্লক হয়।
বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, ইয়াসিন আরাফাত, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, আতিকুর রহমান ফাহাদ, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন ও সাজ্জাদ হোসেন।









