ম্যাচটা ছিল ইউরো ফাইনালের পুনর্মঞ্চায়ন। নেশন্স লিগে মুখোমুখি হয়েছিল ইউরো চ্যাম্পিয়ন ইতালি ও রানার্স আপ ইংল্যান্ড। কিন্তু সুযোগ নষ্টের ভিড়ে ম্যাচটা শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। তাতে এবারের নেশন্স লিগে এখনও জয়হীন থাকলো ইংলিশরা।
অবশ্য এই ম্যাচের মূল ত্রাতা বলতে হবে দুই দলের গোলরক্ষককেই। অ্যারন রামসডেল ও জিয়াইনলুজি দোন্নারুমা বেশ কিছু দর্শনীয় সেভ করেছেন। তাদের অসাধারণ বীরত্বেই জাল কাঁপাতে পারেনি কেউ।
তবে সবচেয়ে বেশি হতাশ হওয়ার কথা ইংল্যান্ডের। বেশির ভাগ সময় বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও কাঙ্ক্ষিত গোল পায়নি। সুবর্ণ সুযোগটি নষ্ট করেন রাহিম স্টার্লিং। বক্সের ৬ গজের ভেতর স্পষ্ট সুযোগ পেয়েও সেটি বারের ওপর দিয়ে মেরেছেন তিনি।
এই ড্রয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে ইংলিশরা। অপরাজিত ইতালি অবশ্য ৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থা করছে।
অপর দিকে ড্রয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না জার্মানি। মৌসুমে দুর্দান্ত খেলতে থাকা হাঙ্গেরির সঙ্গে ১-১ ড্র করেছে। ৬ মিনিটে হাঙ্গেরিকে এগিয়ে নেন সোল্ত নেগি। ৯ মিনিটে সমতাসূচক গোলটি করেন ইয়োনাস হফম্যান।
নেশন্স লিগে এ নিয়ে তৃতীয় ড্র করেছে জার্মানরা। সর্বশেষ ইতালি, ইংল্যান্ড ম্যাচেও ড্র নিয়ে মাঠ ছেড়েছিল।
গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে জার্মানি। হাঙ্গেরি ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে।








