এশিয়ান কাপ ফুটবল বাছাই

‘বাংলাদেশ নয়, সব চাপ মালয়েশিয়ার ওপর’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২২, ১৮:১৬আপডেট : ১৩ জুন ২০২২, ১৮:২৩

বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে হারের পর এবার বাংলাদেশ দলের মালয়েশিয়া পরীক্ষা। এশিয়ান কাপ বাছাই ‍পর্বে গ্রুপের শেষ ম্যাচে আগামীকাল (মঙ্গলবার) স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজ দল। নিজেদের মাঠে খেলা হওয়ায় মালয়েশিয়ার দর্শক-সমর্থন বেশি থাকবে, এটাই স্বাভাবিক। অনেকটা প্রতিকূল পরিবেশে খেলতে হলেও বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা তা চাপ হিসেবে নিচ্ছেন না। বরং নিজেদের সমর্থকদের সামনে উল্টো স্বাগতিকরা চাপে থাকবে বলে তার অভিমত।

ফিফা র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার অবস্থান ১৫৪, আর বাংলাদেশ রয়েছে ১৮৮ নম্বরে। বাংলাদেশ দুই ম্যাচের কোনোটিতে জিততে না পারায় চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে। বিপরীতে স্বাগতিকরা একটিতে জিতেছে। বাংলাদেশের বিপক্ষে জিততে পারলে রানার্স-আপ হয়ে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ থাকবে মালয়েশিয়ার সামনে।

তাই মালয়েশিয়া চাইবে যে করেই হোক ম্যাচ জিততে। সেটা আমলে নিয়েই সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ কাবরেরা বলেছেন, ‘আমাদের ওপর কোনও চাপ নেই। সব চাপ মালয়েশিয়ার ওপর। তারা তাদের ঘরের মাঠে খেলবে, র‍্যাঙ্কিংয়েও এগিয়ে, এশিয়ান কাপে খেলার সুযোগ তাদের সামনে। আমাদের জন্য ৭০ হাজার দর্শকের সামনে খেলতে পারাটা শুধু অতিরিক্ত অনুপ্রেরণাই নয়, অনেক ফুটবলারের জন্য এটা স্বপ্নের মতো।’

তবে এই অবস্থায় যে বাংলাদেশ দল খেলতে পারে, লড়াই করার সামর্থ্য আছে, তা প্রমাণের আহ্বান ৩৭ বছর বয়সী কোচের, ‘আবারও বলছি, আমাদের সামনে দারুণ সুযোগ। আমাদের জন্য এটাই সঠিক সময় দেখানোর যে, আমরা যে কারও বিপক্ষে লড়তে পারি। আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে লড়তে চাই।’

এই ম্যাচে সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি কাবরেরার, ‘তবে একটা জিনিস বলতে চাই, আমাদের সত্যি ভালো একটা ফল প্রাপ্য। আমাদের সমর্থকদের ভালো একটা ফল উপহার দিতে চাই। ভালো একটা ফল নিয়ে দেশে ফিরতে চাই, দেশকে কিছু একটা উপহার দিতে চাই। আমরা আমাদের সুযোগের ওপর ভরসা রাখতে চাই। কাল (মঙ্গলবার) আমরা সেরাটাই উপহার দেবো।’

কয়েকদিনের মধ্যে তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ। তাই দলে টুকটাক চোট থাকতে পারে। এ নিয়ে সতর্ক স্প্যানিশ কোচ, ‘খুব অল্প সময়ের ভেতর দুটি ম্যাচ খেলায় আমাদের খেলোয়াড়দের সুস্থতার বিষয়ে সতর্ক থাকতে হচ্ছে। তাদের সঙ্গে কথা বলছি, সবকিছু শেয়ার করছি, দলের ভালোর জন্য সঠিক সিদ্ধান্তটাই নিতে হচ্ছে। তবে সৌভাগ্য যে দলের সবাই খেলার জন্য প্রস্তুত আছে।’

আগের ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে ভালো খেলেও জিততে পারেনি বাংলাদেশ। এই ম্যাচে আগের ভুলের পুনরাবৃত্তি আর কেউ চাইছেন না। জিততে হলে সব পজিশনে নিজেদের সেরাটা দেওয়ার পাশাপাশি ধারাবাহিকও হতে হবে বলে জানালেন কাবরেরা, ‘আমরা সবসময়ই জিততে চাই। কিন্তু জিততে হলে খেলায় আমাদের ধারাবাহিক হতে হবে। মালয়েশিয়া তাদের সর্বোচ্চটা দিয়ে লড়বে। শুরুর সেকেন্ড থেকেই তারা আমাদের ওপর ঝাঁপাবে। শুরুর ১০ মিনিটেই তারা ম্যাচটা শেষ করে দিতে চাইবে। আমাদের গোল করতে হবে, মনোযোগ ধরে রাখতে হবে। তাদের ঠেকিয়ে রেখে তাদের ভুলের সুযোগ কাজে লাগাতে হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম