এশিয়ান কাপে বাছাইপর্বে তিনটি দলই বাংলাদেশের চেয়ে ওপরে। অবশ্য র্যাঙ্কিংয়ে পিছিয়ে থেকেও জামাল ভূঁইয়ারা লড়াকু পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছে। বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে ফল অনুকূলে আসেনি যদিও। কিন্তু স্কোরলাইন এক পাশে রাখলে ম্যাচের চিত্র অন্য কথাই বলে। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষেও লড়াকু মনোভাব অটুট রাখতে চাইছে হাভিয়ের কাবরেরার দল। কুয়ালালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার এই ম্যাচে তাই লড়াইয়ের আভাস মিলছে। ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস।
বাংলাদেশের বড় পুঁজি এখন আত্মবিশ্বাস। লড়াকু মনোভাবে বড় দলগুলোর বিপক্ষে যে গোলও পাওয়া যায়, তার বড় উদাহরণ তুর্কমেনিস্তান ম্যাচ। বিপলু-বাদশারা যে কয়টি গোলের সুযোগ পেয়েছিল, তাতে করে তিন পয়েন্ট পেলেও অবাক হওয়ার মতো কিছু থাকতো না। এই দুই দিনে তাই আগের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা চলেছে। কাবরেরা জোনাল মার্কিং, ম্যান মার্কিংয়ের সঙ্গে কীভাবে প্রতি আক্রমণে উঠে গোল করতে হবে, সেগুলো নিয়েও কাজ করেছেন।
তবে বাছাইয়ে প্রতিপক্ষ মালয়েশিয়ার প্রাপ্তি কম নয়। বাছাইপর্বে আগের দুই ম্যাচের একটিতে জিতেছে, হেরেছে অন্যটি। বাহরাইনের কাছে ২-১ গোলে হারলেও তুর্কমেনিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে। আজ বাংলাদেশকে হারাতে পারলে গ্রুপ রানার্সআপ হওয়ার দৌড়ে তারা অনেক এগিয়ে যাবে। মালয়েশিয়ার দক্ষিণ কোরিয়ান কোচ ৫৩ বছর বয়সী কিম প্যান গন যদিও বাংলাদেশকে সমীহ করছেন, ‘বাংলাদেশ ভালো খেলছে। প্রতিপক্ষের কাছ থেকে বল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করছে। তাদের প্রতি সমীহ আছে। তবে নিজেদের খেলাটা খেলতে পারলে আমরাই জিতবো।’
এখন পর্যন্ত দুই দল ৯ বার মুখোমুখি হয়েছে। তাতে মালয়েশিয়ার জয়ের পাল্লাই বেশি ভারী। তারা জিতেছে ৬টিতে, বাংলাদেশ একটিতে। ড্র হয়েছে দুটি। ১৯৭৫ সালে মারদেকা কাপে প্রথম মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম ম্যাচেই লাল-সবুজ দলকে ৩-০ গোলে হারতে হয়েছে। পরের বছর কিংস কাপে ৬-০ গোলে সবচেয়ে বড় লজ্জার হার দিয়েছে মালয়েশিয়া। জয় বলতে ১৯৭৮ এশিয়ান গেমসে ২-১ গোলে। আশিষ ভদ্র ও প্রয়াত বাদল রায় গোল করেছিলেন। আর ২০১২ ও ২০১৫ সালে সবশেষ দুটি ম্যাচ ড্র হয়েছিল।
ফলে দীর্ঘ ৭ বছর পর পুরনো প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জামালদের হারানোর কিছু নেই। দুই ম্যাচ হেরে চূড়ান্ত পর্বের আশা শেষ হয়ে গেছে। তার পরেও বিদায় নেওয়ার আগে দলের কোচ ও অধিনায়ক দেশবাসীকে কিছু একটা উপহার দিতে চাইছেন।









