মৌসুম শুরুর আগ থেকে ক্রিস্তিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে চলছে জোর গুঞ্জন। সর্বশেষ প্রাক মৌসুমের আগে গুঞ্জনের পালে হাওয়া লাগে তারই কারণে। লিভারপুলের মুখোমুখি হতে দলের সঙ্গে যে সফর করেননি! দুইয়ে দুইয়ে চার মিলিয়ে সবাই যখন তাকে নিয়ে নতুন কিছু ভাবতে শুরু করেছেন। ঠিক তখনই ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগের মুখ থেকে বের হলো, ‘রোনালদো বিক্রির জন্য নয়।’
শুধু থাইল্যান্ডেই নয়, প্রাক মৌসুম সফরে অস্ট্রেলিয়াতেও দলের সঙ্গী নন রোনালদো। পারিবারিক ইস্যুতে গত সপ্তাহে দলের অনুশীলনেও যোগ দেননি। এমন সময়ে গুঞ্জন রটে ম্যানইউ চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করতে পারেনি বলে ইংলিশ ক্লাব ছাড়তে চাইছেন পর্তুগিজ তারকা। কিন্তু লিভারপুলের বিপক্ষে প্রাক মৌসুম ম্যাচের আগে তার কোচ বলেছেন, ‘এই মৌসুমে আমরা রোনালদোকে নিয়ে পরিকল্পনা করছি। তাই তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’
এই সময়ে রোনালদোকে ঘিরে চলা গুঞ্জন নজরে পড়েছে ম্যানইউ কোচেরও। তিনি সেসবের উত্তরে বলেছেন, ‘আমিও পড়েছি। কিন্তু স্পষ্ট করে দিতে চাই রোনালদো বিক্রির জন্য নয়। ও আমাদের পরিকল্পনায় রয়েছে। ফলে তাকে নিয়ে সফলতার পথে এগিয়ে যেতে চাই।’
অবশ্য এতকিছু কীভাবে নিশ্চিত করছেন ডাচ এই কোচ? এর উত্তরে নতুন কোচ বলেছেন, ‘এই ইস্যু যখন শুরু হলো তখনই ওর (রোনালদো) সঙ্গে কথা হয়েছে। বিষয়টি নিয়ে সত্যিকার অর্থেই একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে।’ তবে এর বিস্তারিত কিছুই জানাতে রাজি হননি তিনি। শুধু বলেছেন, ‘বিষয়টা আমার আর রোনালদোর।’
গত বছর ইংলিশ ক্লাবটিতে প্রত্যাবর্তনের পর থেকেই আলোচনায় রোনালদো। ক্লাবের বাজে ফর্মে তিনি খুশি নন বলে রটে যায় সবখানে। ছয়ে থেকে গত মৌসুম শেষ করায় তার দলকে খেলতে হবে ইউরোপা লিগ। তবে ব্যক্তিগত নৈপুণ্যের কথা এলে স্বমহিমায় উজ্জ্বল ছিলেন। সব মিলিয়ে ২৪ গোল করেছেন। হয়েছেন ক্লাবটির বর্ষসেরা ফুটবলার।









