আগের ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে গোল করে হইচই ফেলে দিয়েছিলেন শেখ মোরছালিন। শুক্রবার উত্তর বারিধার বিপক্ষে এই মিডফিল্ডার গোল করতে না পারলেও সহায়ক ভূমিকা পালন করেছেন। তাতে প্রথমার্ধে এক গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির পরও ত্রাস সৃষ্টি করে খেলেছে মোহামেডান। দুই অর্ধে তিন গোলের সুবাদে প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে মোহামেডান ৩-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডানকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় অনেকক্ষণ। প্রথম গোল এসেছে বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কাঙ্ক্ষিত গোলটি করেন নাইজেরিয়ান ওবিমনেকে। শুরুতে শেখ মোরছালিনের দারুণ এক পাস ধরে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে শট নেন নাইজেরিয়ান ওবিমনেকে। পরে তার সঙ্গে সেঁটে থাকা এক ডিফেন্ডারের পায়ে লেগে বল জড়ায় জালে। বারিধারার খেলোয়াড়রা অফসাইডের দাবি জানালেও রেফারি তাতে কর্ণপাত করেননি।
যদিও তার আগে ২৫ মিনিটের সময় বারিধারার মোস্তফা কারাবা গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন। কিন্তু গোলকিপার আহসান হাবিব গোল বাঁচিয়ে দলকে ভালোভাবে ম্যাচে রাখেন।
বিরতির পর আরও দুই গোল করে মোহামেডান।৭০ মিনিটে সাদেকুজ্জামানের ডানপ্রান্তের ক্রসে সোলেমানে দিয়াবাতে লাফিয়ে উঠে হেডে ব্যবধান দ্বিগুণ করেন।
৮৬ মিনিটে বারিধারা ব্যবধান কমানোর সুযোগ নষ্ট করে। আরিফ খান জয় বক্সে ঢুকে গোলকিপারকে একা পেয়েও বল পোস্টের ওপর দিয়ে মেরে হতাশ করেছেন।
বিপরীতে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সোলেমানে দিয়াবাতের কাটব্যাক থেকে নিজের দ্বিতীয় লক্ষ্যভেদে জয় সুনিশ্চিত করেন ওবিমনেকে।
রাজশাহীতে দিনের অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ ও রহমতগঞ্জ গোলশূন্য ড্র করেছে। গোপালগঞ্জে শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মধ্যেও কেউ জেতেনি। তাদের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্যতে।
মোহামেডান ১৯ ম্যাচে সপ্তম জয়ে ২৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে। বারিধারা সমান ম্যাচে ১২তম হারে আগের ১৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে। আর পুলিশ এফসি ৩০, শেখ রাসেল ২২, মুক্তিযোদ্ধা ১২ ও রহমতগঞ্জ পেয়েছে ১৬ পয়েন্ট।








