আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে চাইছে বাংলাদেশ। এরই মধ্যে চারটি দেশের সঙ্গে যোগাযোগ হয়েছে। লাওস, কম্বোডিয়া, চাইনিজ তাইপে ও গুয়ামের মধ্যে যেকোনও একটি দেশ হতে পারে প্রতিপক্ষ।
এরই মধ্যে কম্বোডিয়ার সঙ্গে অনেক দূর আলোচনা এগিয়েছে। তবে কম্বোডিয়া একটু অন্য ফরম্যাটে খেলতে চাইছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘কম্বোডিয়া আমাদের কাছে একটা ফরম্যাট পাঠিয়েছে। জাপান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তাদের অনূর্ধ্ব-২৩ দল একটা ম্যাচ খেলবে। বাংলাদেশ জাতীয় ফুটবলের দলের সঙ্গে কম্বোডিয়ার জাতীয় ফুটবল দল একটা ম্যাচ খেলবে। এ দুই ম্যাচের বিজয়ীরা একটা ম্যাচ খেলবে। যারা হারবে তারা আরেকটি ম্যাচ খেলবে।’
তবে প্রাথমিকভাবে এমন ফরম্যাটে খেলতে বাফুফের টেকনিক্যাল কমিটি থেকে কোনও সাড়া মিলেনি। আবু নাইম বলেছেন, ‘জাতীয় দলের কমিটির চেয়ারম্যানের সঙ্গে প্রস্তাব নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের প্রধান চাওয়া ফিফা উইন্ডোতে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলা। আমরা কম্বোডিয়াকে পাল্টা প্রস্তাব দিয়েছি যে, তাদের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে চাই। আমাদের আলোচনা চলছে। তাদের কথা হচ্ছে, তাদের দেশে গিয়েই আমাদের খেলতে হবে।’









