সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন মিরাজুল ইসলাম। এমন পারফরম্যান্স বুধবার স্বাগতিক ভারতের বিপক্ষেও দেখাতে চাইছেন ঝালকাঠি থেকে উঠে আসা এই ফরোয়ার্ডার।
শ্রীলঙ্কার বিপক্ষে আক্রমণ করেও গোল পাচ্ছিল না বাংলাদেশ। বদলি নেমে গোল করে ম্যাচের ভাগ্য বদলে দেন মিরাজুল। তারই দেওয়া একমাত্র গোলে বাংলাদেশ প্রথম ম্যাচে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে।
নিজের গোলে দল জিতেছে। তাই মিরাজুলের উচ্ছ্বাস কম নয়। ম্যাচ শেষে বলেছেন, 'খুবই খুশি লাগছে। রুমে ফেরার পর সবাই ম্যাসেজ দিয়েছে। আমিও চেয়েছিলাম বাংলাদেশের মানুষের হাসি দেখতে, সেটা করতে পেরেছি। এখন এই ধারাটা ধরে রাখতে চাই, ভারতের বিপক্ষে ম্যাচেও। '
সাফ চ্যাম্পিয়নশিপে ভারত অন্যতম ফেভারিট। স্বাগতিকদের বিপক্ষে সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি বাফুফের ট্রেনিং অ্যাকাডেমি থেকে মোহামেডানে খেলা মিরাজুলের, 'শ্রীলঙ্কার বিপক্ষে বিরতির পর নেমেছি, ভারতের বিপক্ষে যদি আরও বেশি সময় খেলার সুযোগ পাই, সেরাটা দেওয়ার চেষ্টা করব। আরও ভালো কিছু করার চেষ্টা করব। সামনে ভারতের বিপক্ষে ম্যাচ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা ভারতের বিপক্ষে ম্যাচটা জিততে পারি।'
বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস স্মলি এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের হেড কোচ। প্রথম ম্যাচ জিতে খুশি ইংলিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কোচ, 'ছেলেদের নিয়ে আমি ভীষণ খুশি। ওরা আসলেই অনেক পরিশ্রম করেছে। আঁটসাঁট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা আসলেই কঠিন ছিল, কিন্তু আমরা পরিকল্পনার সঙ্গে লেগে ছিলাম। দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোলও পেলাম। আমি মনে করি জয় পাওয়ায় সবাই খুশি।'
বুধবারের ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে তার কথা, 'আমরা রিকভারির দিকে গুরুত্ব দিব। এরপর শ্রীলঙ্কা ম্যাচ পর্যালোচনা করবো। ছেলেরা ঐক্যবদ্ধভাবে খেলেছে, কিছু দারুণ আক্রমণ করেছে, সুযোগও তৈরি করেছে। এখন আমরা দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে আছি, ভারত এ প্রতিযোগিতার স্বাগতিক, অবশ্যই শক্তিশালী দল। আমরাও পেশাদারভাবে যতটা প্রস্তুতি নেওয়া যায়, তেমন প্রস্তুতি নেব।'









