বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ঘটনাবহুল এক ম্যাচ হয়েছে। আজ (মঙ্গলবার) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ও উত্তর বারিধারা ম্যাচে রেফারিকে দেখাতে হয়েছে ৪ লাল কার্ড! তারই রেশ ধরে ইনজুরি টাইম হয়েছে ১১ মিনিট।
এই ম্যাচে সাইফ ৭-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। ম্যাচের প্রথমার্ধে সাইফের আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি সহকারী রেফারির সঙ্গে বাদানুবাদের একপর্যায়ে লাল কার্ড দেখেছেন। এছাড়া বারিধারার খেলোয়াড় সুজন, টিম ম্যানেজার নুর হোসেন ও সহকারী ম্যানেজার জাহাঙ্গীর আলমও দেখেছেন লাল কার্ড।
যে কারণে খেলা শেষ হতেও দেরি হয়েছে। ইনজুরি টাইম দেখাতে হয়েছে ১১ মিনিট! সাধারণত ঘরোয়া ফুটবলে ৪ লাল কার্ড, ৭ গোলে জয় ও ১১ মিনিটের ইনজুরি টাইম দেখানো বিরল ঘটনা।
লাল কার্ড প্রসঙ্গে সাইফের ম্যানেজার শাহেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের কোচের সঙ্গে সহকারী রেফারির তর্ক বেধে যায়। কিছুটা ধাক্কাধাক্কিও হয়েছে। যে কারণে লাল কার্ড দেখেছেন ক্রুসিয়ানি। প্রতিপক্ষের খেলোয়াড় ও কর্মকর্তারাও পেয়েছেন লাল কার্ড।’









