লা লিগায় শতভাগ জয়ের ধারাবাহিকতা ধরে রাখলো রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে শুরুতে গোল হজম করেও মায়োর্কাকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে।
চ্যাম্পিয়নস লিগে সেল্টিকের বিপক্ষে পাওয়া চোটে খেলা হয়নি করিম বেনজিমার। তার অনুপস্থিতি ভোগায় ম্যাচের প্রথমার্ধেই। ৩৫ মিনিটে খেলার ধারার বিপরীতে রিয়ালকে স্তব্ধ করে দেয় মায়োর্কা। ভেদাত মারিকি দারুণ এক হেডে স্কোর ১-০ করেছিলেন। তবে রিয়ালের ম্যাচে ফিরতে সময় লাগেনি। প্রথমার্ধের ইনজুরি সময়ের গোলে স্কোর ১-১ করেন ফেদেরিকো ভালভারদে।
তার পর অবশ্য দীর্ঘক্ষণ এই স্কোরই বজায় থেকেছে। শেষ পর্যন্ত ম্যাচের দৃশ্যপট পাল্টে রিয়ালকে এগিয়ে দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ৭২ মিনিটে রদ্রিগোর পাস থেকে গোলটি করেছেন। পরে তো ৮৯ মিনিটে একক প্রচেষ্টায় গোল করেছেন তার ব্রাজিলিয়ান সতীর্থ রদ্রিগো নিজেই। ৯০+৩ মিনিটে মায়োর্কার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আন্তোনিও রুদিগার। টনি ক্রুসের ফ্রি কিক থেকে দারুণভাবে জাল কাঁপিয়েছেন।
এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। শনিবার কাদিজকে ৪-০ গোলে হারিয়ে কিছু সময়ের জন্য হলেও বার্সেলোনা চূড়ায় উঠেছিল। এখন ১৫ পয়েন্ট নিয়ে রিয়াল শীর্ষে, বার্সা ১৩ পয়েন্ট নিয়ে চলে গেছে দ্বিতীয় স্থানে।








