একটা সময় ছিল যখন ভুটানকে হেসে খেলেই হারাতো বাংলাদেশ। সেই সুদিন আর নেই। এখন ভুটানের বিরুদ্ধে নামার আগে অনেক হিসাব-নিকাশ। থাকে পচা শামুকে পা কাটার শঙ্কাও। তাই কাল মঙ্গলবার দুপুর আড়াইটায় এসএআই স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে চলতি এসএ গেমসের ফুটবল মিশন শুরু করার আগে সতর্ক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল।
ভুটানের বিপক্ষে অক্টোবরে ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। ডিসেম্বরে সাফ ফুটবলে ভুটানের বিপক্ষে জাতীয় দল ৩-০ গোলে জিতেছিল। এর চেয়ে বড় কথা আন্তর্জাতিক ফুটবলের কোনও পর্যায়েই বাংলাদেশ এখনও ভুটানের কাছে হারেনি।
সম্প্রতি বাংলাদেশের ফুটবলে খারাপ সময় যাচ্ছে। সাফ ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ব্যর্থতা। এরপর ফুটবলারদের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। সব দোষ চাপা দেওয়ার একমাত্র উপলক্ষ্য সাফ গেমস। স্প্যানিশ কোচ গঞ্জালো মোরেনো শৃঙ্খলার ব্যাপারে খুব কড়াকড়ি অবস্থানে রয়েছেন। তিনি বলেন, 'আমার দলে সবাই সু-শৃঙ্খল। প্রথমবার সতর্ক করা হবে। এরপর ঢাকায় ফেরত।' মাঠে ব্যর্থতা ও ক্যাম্পের অস্থিরতা। এর পরেও নাকি খেলোয়াড়রা মানসিকভাবে উদ্দীপ্ত। মোরেনো বলেন, 'দেশের জন্য এসএ গেমসে খেলবে তারা। এটাই সবচেয়ে বড় উদ্দীপনা।'
তিন দলের গ্রুপে ভুটান প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ০-৫ গোলে হেরেছে। আজ ভুটানের বিরুদ্ধে জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে চান বাংলাদেশের কোচ। তিনি বলেন, আমাদের প্রথম লক্ষ্য সেমিফাইনাল নিশ্চিত করা। এই ম্যাচে জিততে পারলে পরবর্তী ম্যাচে কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেয়া যাবে।' ভুটান বড় ব্যবধানে হারলেও প্রতিপক্ষকে হালকা করে দেখছেন না এই স্প্যানিশ, 'তাদের ম্যাচটি দেখেছি। আমাদের সঙ্গে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রয়েছে তাদের।' দলে কোনও ইনজুরি সমস্যা নেই, বাংলাদেশ ৪-৪-২ ফর্মেশনে খেলবে।
/আরএম/এমআর/







