আরও একটি গোল। তাতে সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপার সুবাস পাচ্ছে বাংলাদেশ। কৃষ্ণা রানী সরকারের লক্ষ্যভেদে ৩-১ গোলে এগিয়ে লাল-সবুজ জার্সিধারীরা।
আজ (সোমবার) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বাংলাদেশ আক্রমণে। ম্যাচঘড়ির প্রথম মিনিটে মারিয়া মান্দার দূরপাল্লার শট গোলকিপার শুয়ে পড়ে তালুবন্দি করেন। ১০ মিনিটে চোট পেয়ে সিরাত জাহান স্বপ্না উঠে যান। তার জায়গায় মাঠে নামেন শামসুন্নাহার জুনিয়র। চার মিনিট পর তার গোলেই এগিয়ে যায় বাংলাদেশ। ডান প্রান্তে মনিকা চাকমার ক্রসে শামসুন্নার জুনিয়রের দারুণ প্লেসিং জড়িয়ে যায় জালে। এতে গ্যালারিতে থাকা নেপালি দর্শকরা স্তব্ধ হয়ে যান।
৩৬ মিনিটে নেপাল সমতায় ফেরার সুযোগ নষ্ট করে। ইন্দিরা রাজের ফ্রি-কিক গোলকিপার রুপনা চাকমা ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। কর্নার থেকে জটলার মধ্যে একজনের হালকা শট পোস্টে লাগে, সেখান থেকে বাংলাদেশের এক ডিফেন্ডার ক্লিয়ার করে পুরোপুরি বিপদমুক্ত করেন।
৪২ মিনিটে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। প্রতিপক্ষের পা থেকে বল ছিনিয়ে নিয়ে সাবিনা খাতুন ফাঁকায় বাঁদিকে কৃষ্ণাকে দেন, এই ফরোয়ার্ড ফাঁকায় থেকে বাঁ পায়ের জোরালো শটে গোলকিপারের ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন।
৭০ মিনিটে নেপাল এক গোল শোধ দেয়। সতীর্থের পাস থেকে বাংলাদেশের এক ডিফেন্ডারের পা হয়ে বক্সের ভেতরে বল পেয়ে যান অনিতা বাসনেত, ডান পায়ের জোরালো শটে জাল কাঁপাতে কোনও ভুল হয়নি এই ফরোয়ার্ডের। বাংলাদেশ গোলকিপার বলের লাইনে ঝাঁপালেও এই যাত্রায় আর রক্ষা করতে পারেননি।
৭৭ মিনিটে আবারও বাংলাদেশ শিবিরে উৎসব। মনিকা চাকমার ডিফেন্সচেরা পাস থেকে ডান দিক দিয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে লক্ষ্যভেদ করে স্বাগতিকদের ম্যাচ থেকে ছিটকে দেন কৃষ্ণা রানী সরকার।







