এই তো দিন কয়েক আগে শ্রীলঙ্কাকে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। ব্যর্থতা ভুলে গিয়ে এবার নতুন উদ্যমে মাঠে নামার অপেক্ষায় মিরাজুল-ইমরানরা। বুধবার থেকে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের ই গ্রুপের বাছাইপর্ব শুরু হতে যাচ্ছে। ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে হবে এই গ্রুপের সবগুলো ম্যাচ। প্রথম দিনেই মাঠে নামতে যাচ্ছে পল স্মলির দল। সন্ধ্যা ৭টায় প্রতিপক্ষ সিঙ্গাপুর।
কলম্বোর দুঃসহ স্মৃতি ভুলে গিয়ে নতুন কিছু উপহার দিতে চাইছে বাংলাদেশ। এই চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব থেকে ১০ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্স-আপ খেলবে ২০২৩ সালের চূড়ান্ত পর্বে। বাংলাদেশের গ্রুপে সিঙ্গাপুর ছাড়াও আছে ইয়েমেন ও ভুটান।
লাল-সবুজ দলের কোচ ইংল্যান্ডের বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান পল স্মলি সংবাদ সম্মেলনে আশাবাদী কণ্ঠে বলেছেন, কৌশলগতভাবে সবাই খুব শক্তিশালী। বিশেষ করে ইয়েমেন খুবই শক্তিশালী। তবে কাউকে খাটো করে দেখার সুযোগ নেই। আমরা প্রথম ম্যাচে সিঙ্গাপুরের জন্য ভালো প্রস্তুতি নিয়েছি। আমরা অন্যদের নিয়ে ভাবছি না। ভাবছি নিজেরা কতটা ভালো খেলতে পারি সেই বিষয়ে।
সাম্প্রতিক সময়ে বয়সভিত্তিক দুটি টুর্নামেন্টে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। হারলেও দুই টুর্নামেন্ট থেকে ইতিবাচক খুঁজতে চাইছেন স্মলি, ‘ভারতের বিপক্ষে দুই হারকে আমরা নেতিবাচকভাবে নিচ্ছি না। আমরা ইতিবাচকই আছি। যা হয়েছে সব মিলিয়ে বলবো দুই টুর্নামেন্টে আমাদের ভালো অভিজ্ঞতা হয়েছে। শ্রীলঙ্কায় বিশেষ করে খুব ভালো অভিজ্ঞতা বলতে পারেন। সেমিফাইনালে ভারতের বিপক্ষে দ্বিতীয় গোলটি নিয়ে আপনারা অভিযোগ করতে পারেন, তবে আমি বলব আমাদের জন্য সেটা ছিল শিক্ষা।’
অধিনায়ক ইমরান খান আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘আশা করছি আমরা মূল পর্বে খেলতে পারবো। আমাদের সব খেলোয়াড় প্রস্তুত। তারা সবাই ভালো খেলতে চায়। আমাদের ঘরের মাঠে খেলা।আগে যা হওয়ার হয়ে গেছে। এবার ঘরের মাঠে এএফসি বাছাইপর্ব। সবাই প্রস্তুত। ’
সিঙ্গাপুর কোচ অ্যান্জেল তোলেডানো মাঠে জায়গা ছাড়তে নারাজ। বলেছেন, ‘আমরা এই টুর্নামেন্টের জন্য ৬ সপ্তাহের প্রস্তুতি নিয়েছি। আমরা সাফে বাংলাদেশের তিনটি ম্যাচ দেখেছি। এই তিন ম্যাচ বিশ্লেষণ করে বাংলাদেশের বিপক্ষে একটি ভালো ম্যাচ উপহার দিতে চাই। আমার মনে হয় বাংলাদেশ ও ইয়েমেন এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল। তবে তিনটি দলই খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলবে। বাংলাদেশের খেলোয়াড়েরা খুবই দ্রুতগতির। আক্রমণভাগ খুব খুব শক্তিশালী।’
একই মাঠে বিকাল ৪টায় দিনের প্রথম ম্যাচে ইয়েমেন খেলবে ভুটানের বিপক্ষে।









