চোট নিয়েই কাতার বিশ্বকাপে গেছেন সাদিও মানে। তবে তার খেলা নিয়ে শঙ্কার মেঘ এখনও কাটেনি। সেনেগাল ফুটবল ফেডারেশন বলেছে, প্রথম ম্যাচে এই ফরোয়ার্ডকে ছাড়াই আফ্রিকান দলটিকে মাঠে নামতে হচ্ছে।
গত সপ্তাহে বায়ার্ন মিউনিখের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন মানে। জার্মান ক্লাবটি জানিয়েছে, আঘাতটা ডান পায়ে। সেনেগাল কোচ আলিও সিসে অবশ্য জানিয়েছেন, এই চোটের জন্য কোনও সার্জারিরও প্রয়োজন নেই। কিন্তু সেনেগাল ফুটবল ফেডারেনের বোর্ড সদস্য আব্দুলায়ে সোও বলেছেন, ‘প্রথম ম্যাচটা আমাদের সাদিওকে ছাড়াই খেলতে নামতে হবে। জিততেও হবে তাকে ছাড়া। কেউ এমনটা চায়নি। কিন্তু ভাগ্যে এটাই ছিল।’
গত ফেব্রুয়ারিতে সেনেগোলের ‘প্রথম’ আফ্রিকা কাপ অব নেশন্স জিততে অবদান ছিল মানের। মিশরের বিপক্ষে ফাইনালে উইনিং পেনাল্টিটি তিনিই নিয়েছিলেন। তাছাড়া আফ্রিকার দুইবারের বর্ষসেরা ফুটবলারও তিনি। মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জনের দুইমাস পর বাছাইয়ের প্লে-অফে সেনেগালকে কাতার বিশ্বকাপের টিকিট পাইয়ে দিতে একই দলের বিপক্ষে আবারও জয় পেতে অবদান রাখেন তিনি। তার পরেও এ নিয়ে দলকে খুব বেশি ভারাক্রান্ত হতে নিষেধ করেছেন সোও।
গ্রুপ ‘এ’ তে সেনেগালের প্রথম ম্যাচ আগামী সোমবার। প্রতিপক্ষ নেদারল্যান্ড। তার পর স্বাগতিক কাতারের বিপক্ষে ২৫ নভেম্বর এবং ২৯ নভেম্বর ইকুয়েডরের মুখোমুখি হবে।








