লা লিগায় সর্বশেষ ভিয়ারিয়ালের কাছে হেরে পয়েন্ট হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। গতকাল অ্যাথলেতিক ক্লাবকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে লস ব্লাঙ্কোস। অবশ্য এই ম্যাচ জয়ে অবদান রেখে রেকর্ড বুক নতুন করে লিখেছেন করিম বেনজিমা।
ম্যাচটায় একটি করে গোল করেছেন করিম বেনজিমা ও টনি ক্রুস। ২৪ মিনিটে প্রথম গোলটি করেই লা লিগায় সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় পাঁচে চলে এসেছেন ফরাসি ফরোয়ার্ড। পেছনে ফেলেছেন আরেক কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোকে। বেনজিমার গোলসংখ্যা এখন ২২৮। ডি স্টেফানোর ২২৭। ২২৮ গোল নিয়ে যৌথভাবে বেনজিমার সঙ্গে আছেন রাউল গঞ্জালেসও।
তালিকায় তাদের ওপরে রয়েছেন- হুগো সানচেস (২৩৪,) তেলমো জারা (২৫২), ক্রিস্তিয়ানো রোনালদো (৩১১) ও লিওনেল মেসি (৪৭৪)।
অপর দিকে গেতাফেকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। ৩৫ মিনিটে একমাত্র গোলটি করেছেন পেদ্রি। মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্টের ব্যবধান রেখে শীর্ষে থাকা বার্সার সংগ্রহ ১৭ ম্যাচে ৪৪। সমান ম্যাচে রিয়ালের ৪১।
এই ম্যাচের পর চলমান মৌসুমে সর্বোচ্চ ম্যাচে ক্লিনশিট ধরে রাখার নজিরও গড়েছে তারা। বার্সা ১৩টিতে ক্লিনশিট রাখতে পেরেছে। যা ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে সর্বোচ্চ।









