চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে প্রত্যাশিত ফল পায়নি পিএসজি। বায়ার্নের বিপক্ষে পুরো ম্যাচে মেসি-নেইমাররা নিষ্প্রভ ছিলেন। তারা দলকে উদ্ধার করতে না পারায় ৫৭ মিনিটে বদলি হয়ে নেমেছিলেন চোটআক্রান্ত এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের কারণে খেলায় ছন্দ ফেরে ঠিকই। কিন্তু দলের পরাজয় এড়াতে পারেননি। শেষ ষোলোর প্রথম লেগ ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে বায়ার্ন মিউনিখ। এমবাপ্পে তার পরেও আত্মবিশ্বাসী পিএসজি ফিরতি লেগে ঘুরে দাঁড়াতে পারবে। নিশ্চিত করবে শেষ আট!
এমবাপ্পে আসার পর দুটি গোল বাতিল হয়েছে পিএসজির। অফসাইডের ফাঁদে না পড়লে ম্যাচের ফল ভিন্ন হলেও হতে পারতো। ম্যাচের পর তার প্রতিক্রিয়া, ‘আমাদের এখন ম্যাচের শেষ লেগ নিয়ে ভাবতে হবে। আমার এখন পিছিয়ে আছি। কিন্তু ম্যাচে দেখা গেছে আমরা প্রতিপক্ষকে কীরকম বিপদে ফেলতে পারি। এখন আমাদের সবাইকে সুস্থ থেকে ওদের মাঠে যেতে হবে এবং জয়ের চেষ্টা করতে হবে। যাতে পরের ধাপে উতরে যেতে পারি।’
কিলিয়ান এমবাপ্পের এই ম্যাচে খেলারই কথা ছিল না। ইনজুরিতে প্রায় দুই সপ্তাহ বিশ্রামে কাটিয়েছেন। সব কিছু নির্ভর করছিল তার ফিটনেস প্রাপ্তির ওপর। মাঠে নামা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আজ আমার খেলার কথা ছিল না। কিন্তু সতীর্থদের সাহায্য করতে চেয়েছি মাত্র। আমরা সব রকমভাবে চেষ্টা করেছি। আজ এর চেয়ে বেশি কিছু করার ছিল না।’
শেষ পর্যন্ত তার ফেরায় দ্বিতীয় লেগে ভালো কিছুর আশা করা যেতেই পারে। এমবাপ্পেও বিশ্বাস করেন, মিউনিখের পরের লেগে পিএসজি পূর্ণ শক্তিতে খেললে ভাগ্যের চাকা ঘুরিয়ে দেওয়া সম্ভব, ‘এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ সবার সুস্থতা। সবাই যাতে ভালো মতো খাওয়া-দাওয়া করে, ঠিকঠাক মতো ঘুমায়।’









