ইউরোপা লিগে বার্সেলোনাকে বিদায় দিয়ে শেষ ষোলোয় রিয়াল বেতিসকে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর আর্সেনালের প্রতিপক্ষ হয়েছে স্পোর্তিং লিসবন।
নকআউট রাউন্ডের প্লে অফের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে ম্যানইউ। তাতে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় প্লে-অফ জিতে ইংলিশ ক্লাবটি শেষ ষোলো নিশ্চিত করেছে।
তার পর সুইজারল্যান্ডের নিয়নে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে শেষ ষোলোর ড্র। ড্র অনুযায়ী আগামী ৯ মার্চ ম্যানইউ-বেতিস প্রথম লেগে মুখোমুখি হবে। ফিরতি লেগ ১৬ মার্চ। শেষ ষোলোর সবগুলো ম্যাচই এই তারিখে অনুষ্ঠিত হবে।
ম্যানুয়েল পেলিগ্রেনির বেতিস লা লিগায় পঞ্চম স্থানে থাকা দল। ইউরোপা লিগে টুর্নামেন্টের সেরা রেকর্ড নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে। ৫ জয়ের বিপরীতে ড্র ছিল একটি।
অপর দিকে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে থাকা আর্সেনাল গ্রুপ ‘এ’ তে শীর্ষে থাকায় নকআউট রাউন্ডের প্লে-অফ তাদের খেলতে হয়নি।








