২০১৪ সালের ২৭ অক্টোবর রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ। এই ম্যাচে ফুটবলপ্রেমীদের ঢল নেমেছিল। যা দেখে সন্তুষ্ট হয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্তা-ব্যক্তিরা।
এমনকি পরবর্তী কোনও বড় টুর্নামেন্টের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বুধবার বিকেলে ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের উচ্চ পর্যায়ের সাত কর্মকর্তা হেলিকপ্টার যোগে ছুটে এসেছিলেন রাজশাহীতে।
এদিন তারা বাংলাদেশ সুপার লিগের ভেন্যুর জন্য রাজশাহী স্টেডিয়াম পরিদর্শন করেন। ঢাকা উড়ে যাওয়ার আগেই মাঠ ও অন্য বিষয় নিয়ে সন্তোষ প্রকাশ করলেন। অবশ্য এর আগে বুধবার বাংলাদেশ সুপার লিগের জন্য ময়মনসিংহ ও রংপুর ভেন্যুও পরিদর্শন করেছেন তারা। তবে তিনটি বিভাগীয় শহর পরিদর্শন শেষে রাজশাহীর ভেন্যুকে এগিয়ে রাখলেন তারা।
পরিদর্শন দলের প্রধান ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী আকতার উদ্দিন আহমেদ বলেন, আজকে আমরা তিনটি ভেন্যু পরিদর্শন করেছে। তিন নম্বর ভেন্যু হিসেবে রাজশাহীতে এসেছি। তবে তিন নম্বর ভেন্যুটা আমাদের কাছে এক নম্বর মনে হয়েছে। এ সময় তার সঙ্গে ছিলেন বাফুফের কর্মকর্তা বাদল রায়।
/এমআর/







