পিএসজির জন্য বড় দুঃসংবাদ। এই মৌসুমের বাকি সময়ে সম্ভবত ব্রাজিলিয়ান তারকাকে পাচ্ছে না তারা। গোড়ালির লিগামেন্টের ইনজুরিতে শেষ পর্যন্ত ছুরি কাঁচির নিচে যেতে হচ্ছে তাকে। আগামী ১০ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনাল, ওই পর্যন্ত দল পৌঁছাতে পারলে তাকে দেখা গেলেও যেতে পারে। ১-০ গোলে পিছিয়ে থেকে আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে প্যারিসের ক্লাব খেলবে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে।
প্রাথমিক স্ক্যানে গোড়ালিতে কোনও ফ্র্যাকচার দেখা যায়নি। তাই আশা ছিল খুব বেশিদিন মাঠের বাইরে কাটাতে হবে না নেইমারকে। কদিন আগে ক্লাব কোচ ক্রিস্টোফার গালটিয়ের বলেন, অন্তত পরের দুটি ম্যাচে খেলা হবে না নেইমারের। সবশেষ স্বাস্থ্য পরীক্ষার পর তাকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে।
অস্ত্রোপচার হবে দোহায়। তাতে তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে।
গত ১৯ ফেব্রুয়ারি লিঁলের বিপক্ষে পিএসজির জয়ের ম্যাচে গোড়ালির চোট নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নেইমার। এরপর থেকে আর খেলেননি তিনি।
এক বিবৃতিতে পিএসজি জানায়, ‘সাম্প্রতিক বছরগুলোতে ডান গোড়ালিতে একাধিক সমস্যায় পড়েছেন নেইমার। গত মাসে পাওয়া চোটের পর প্যারিস সেন্ট জামেইর মেডিক্যাল স্টাফ পরবর্তী সময়ের বড় ঝুঁকি এড়াতে লিগামেন্ট রিপেয়ার অপারেশন করতে পরামর্শ দিয়েছেন।’
আরও বলা হয়, ‘বিশেষজ্ঞদের সবাই আলোচনা করে এই অপারেশন করার কথা বলেছেন। দলের সঙ্গে ট্রেনিংয়ে যোগ দিতে তিন থেকে চার মাস তার দেরি হবে বলে আশা করা হচ্ছে।’
চার বছরে এনিয়ে চারবার গোড়ালির চোটে পড়েছেন নেইমার। ২০১৭ সাল থেকে কেবল একটি মৌসুমেই ২০টির বেশি লিগ ম্যাচ খেলেছেন তিনি। পিএসজির জার্সিতে এবারের মৌসুমে সবচেয়ে ভালো সময় কাটাচ্ছিলেন ব্রাজিলিয়ান তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ গোল ও ১৪ অ্যাসিস্ট।
এদিকে গুঞ্জন উঠেছে, নেইমার পিএসজি ছেড়ে চলে যাচ্ছেন। এখন ভক্তদের মনে প্রশ্ন, প্যারিসিয়ানদের সঙ্গে কি তাহলে শেষ ম্যাচ খেলে ফেলেছেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড?








