গত বছর প্যারিসে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে স্টেডিয়ামের বাইরে নিরাপত্তাকর্মীদের সঙ্গে লিভারপুলের ভক্ত-সমর্থকদের গণ্ডগোল লাগে। ফরাসি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেড ভক্তদের কাঁদানে গ্যাসও নিক্ষেপ করে। অনেককে যেতে হয় হাসপাতালে। ম্যাচ শুরু হয় ৩৬ মিনিট দেরিতে।
ওই ম্যাচে স্টেডিয়ামের বাইরে সংঘটিত বিশৃঙ্খলার দায় নিজেদের কাঁধে নিলো উয়েফা। স্বতন্ত্র রিপোর্ট হাতে পাওয়ার পর তারা ফাইনালে আগত লিভারপুল দর্শকদের টিকিটমূল্যও ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে।
গত ২৮ মের ফাইনালে ওই ঘটনার পর অনেক ভক্ত স্টেডিয়ামে ঢুকতে পারেননি। নারী ও শিশুদের দিকেও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ফরাসি পুলিশ। পরে উয়েফা এই ঘটনায় দুঃখ প্রকাশ করে।
ইউরোপের শীর্ষ ফুটবল সংস্থা জানায়, লিভারপুলের জন্য বরাদ্দ ১৯৬১৯ টিকিটের সবগুলোর দাম তারা ফেরত দেবে। এমনকি স্টেডিয়ামে বাইরে বিপদে পড়া রিয়াল মাদ্রিদ সমর্থক ও অন্য দর্শকদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে। টিকিটের মূল্য ছিল ৬২ পাউন্ড থেকে ৬১০ পাউন্ডের।
ওই ম্যাচে লিভারপুল ১-০ গোলে হেরে যায় রিয়ালের কাছে।









