ব্রুনাই ও সেশেলসকে নিয়ে তিনজাতি ফুটবল টুর্নামেন্ট খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তে ব্রুনাই খেলতে অপারগতা প্রকাশ করায় তিনজাতি টুর্নামেন্টটি আর হচ্ছে না। এখন শুধু সেশেলসের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। মঙ্গলবার এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
আগামী ২৫ ও ২৮ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে হবে দুটি ম্যাচ। ফিফা উইন্ডোতে এই ম্যাচ খেলার জন্য জামাল ভূঁইয়ারা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। সেখানে তারা প্রথম প্রস্তুতি ম্যাচে মদিনার ওহুদ এফসির বিপক্ষে খেলেছে। ১৫ মার্চ আফ্রিকার মালাবির বিপক্ষে হবে অন্য ম্যাচটি। ১৭ মার্চ দেশে ফিরেই সরাসরি সিলেটে যাওয়ার কথা হাভিয়ের কাবরেরাদের।









