চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই মৌসুমে দুর্দান্ত বার্সেলোনা। বুধবার ন্যু ক্যাম্পে তারা এনিয়ে এক মৌসুমে পঞ্চমবার মুখোমুখি হচ্ছে। কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে নামার আগে ১-০ গোলে এগিয়ে কাতালান জায়ান্টরা। পরিসংখ্যান বলছে, বার্সাই ফেভারিট। কারণ এই বছরের তিন ক্লাসিকো খেলে সবগুলোতে শেষ হাসি হেসেছে তারা। কিন্তু কোচ জাভি হার্নান্দেজ সতর্ক।
সাবেক মিডফিল্ডার বার্সার ডাগআউটে দাঁড়ানোর পর রিয়ালের সঙ্গে দেখা হয়েছে ছয়বার, এর মধ্যে তার দল জিতেছে চারবার। তারপরও মাদ্রিদ ক্লাবকে ফেভারিট বলছেন জাভি। কারণ দুই লেগের ম্যাচে অভিজ্ঞতা তাদের প্রতিপক্ষকে এগিয়ে রাখছে।
মঙ্গলবারের সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘মাদ্রিদকে আমরা পিছিয়ে রাখছি না। তারা এখানে এসে সহজেই জিততে পারে। তারা যে কোনও দলকে হারাতে পারে। দুই লেগের লড়াইয়ে তারা হেরেছিল কতদিন আগে?’
চ্যাম্পিয়নস লিগে রিয়ালের সাফল্য মনে করিয়ে দিয়ে বার্সা কোচ বলেছেন, ‘তারা এই ধরনের খেলায় বেশ অভ্যস্ত। তাদের অভিজ্ঞতা অনেক। তারা ঘুরে দাঁড়াতে পারে। আমার কাছে তারাই এখনও ফেভারিট।’
এই মৌসুমে দুই দলের প্রথম দেখা হয়েছিল গত অক্টোবরে লা লিগায়। ওই ম্যাচ মাদ্রিদের মাঠে হারলেও এই বছর স্প্যানিশ সুপার কাপ ফাইনাল, কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগ ও গত মাসে লা লিগায় তাদের হারিয়েছে বার্সা।
এই জয়গুলোর কোনও মূল্য নেই এখন জাভির কাছে, ‘এসবের কোনও মূল্য নেই। হয়তো এটা আত্মবিশ্বাস বাড়াবে, কিন্তু তারা চাইবে প্রতিশোধ, তারা নিশ্চিতভাবে আহত হয়ে আছে। আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চেষ্টা করবো, বল নিয়ে আধিপত্য বিস্তার করতে চাইবো। যেভাবে সুপার কোপা ও লা লিগায় করেছি, প্রথম লেগে তেমনটা হয়নি।’
এই ম্যাচের জয়ী দল ফাইনালে ওসাসুনা কিংবা অ্যাথলেটিক ক্লাবের মুখোমুখি হবে মে মাসে। জানুয়ারিতে সুপার কাপ জেতা বার্সা লা লিগায় মাদ্রিদকে ১২ পয়েন্ট পেছনে রেখে শীর্ষে এবং কোপার শিরোপার হাতছানি।
এই ম্যাচকে তাই ফাইনাল মনে করছেন জাভি, ‘এটা আমাদের জন্য ফাইনাল, সেমিফাইনাল হলেও এই ম্যাচ আমাদের কাছে অনেককিছু। কোপা দেল রের ফাইনালে ওঠার সুযোগ এবং তাও আবার আমাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে। এটার মূল্য দ্বিগুণ। আমরা ট্রফি ও সাফল্যের জন্য ক্ষুধার্ত। আমাদের একটা জেতা হয়েছে এবং আরও দুটো চাই। আমাদের মনে রাখতে হবে গত মৌসুমে কোথায় থেকে আমরা এখানে এসেছি। কিন্তু উদ্দেশ্য সবসময় ট্রফি জেতার ছিল। আমি জানি এটা আমার ওপর চাপ তৈরি করবে, কিন্তু এটাই বার্সা।’








