পেশীতে টান লাগায় কাদিজের বিপক্ষে খেলা হয়নি রিয়াল মাদ্রিদের দুই তারকা টনি ক্রুস ও ভিনিসিয়ুস জুনিয়রের। তবে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যাবে তাদের।
এই মৌসুমে রিয়ালের অগ্রযাত্রায় বড় অবদান এই দুই তারকার। স্বাভাবিকভাবেই ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে তাদের উপস্থিতি বড় প্রভাব ফেলবে। হালকা ইস্যু থাকায় কাদিজের বিপক্ষে তাদের বিশ্রাম দেওয়ার কারণ ছিল ফিটনেস ফিরে পাওয়া। লিগের ম্যাচের পর রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘তাদের হালকা ইস্যু থাকায় আজ (শনিবার) খেলতে পারেনি। আজ তারা আলাদা অনুশীলন করেছে। তবে কাল স্বাভাবিক নিয়মে অনুশীলন করবে। আশা করা হচ্ছে মঙ্গলবারের জন্য সুস্থও হয়ে উঠবে।’
চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে মঙ্গলবার তারা চেলসির মুখোমুখি হবে। প্রথম লেগে রিয়াল জিতেছে ২-০ গোলে। তবে লা লিগায় শিরোপার পথ থেকে আগেই ছিটকে গেছে তারা। ২৮ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭২। এক ম্যাচ বেশি খেলা রিয়ালের অর্জন ৬২।









