অবশেষে তিন মৌসুম পরে এফএ কাপের সেমিফাইনালের গেরো কাটালো ম্যানসিটি। রিয়াদ মাহরেজের হ্যাটট্রিকে শনিবারের সেমিফাইনালে শেফিল্ড ইউনাইটেডকে ৩-০ গোলে হারালো তারা।
ওয়েম্বলিতে জিতে এফএ কাপের ফাইনালে সিটিজেনরা। গত তিন আসরে সেমিফাইনালে বিদায় নেওয়ার পর ম্যানসিটি জিতে গেলো এবার।
শেফিল্ড প্রথমার্ধে অনেকক্ষণ হতাশ করে ম্যানসিটিকে। ৪৩তম মিনিটে মাহরেজ পেনাল্টি থেকে গোলমুখ খোলেন। ৬১ মিনিটে শেফিল্ডের রক্ষণের ভুলে ২-০ করেন আলজেরিয়ান। জ্যাক গ্রিলিশের নিচু ক্রসে ৫ মিনিট পর হ্যাটট্রিক করেন মাহরেজ। ১৯৫৮ সালে ফুলহ্যামের বিপক্ষে ম্যানইউর এলেক্স ডওসনের পর এফএ কাপের সেমিফাইনালে এটা প্রথম হ্যাটট্রিক।
জয় প্রায় নিশ্চিত হওয়ায় আর্সেনাল ম্যাচ সামনে রেখে আর্লিং হাল্যান্ড ও গ্রিলিশকে তুলে নেন পেপ গার্দিওলা।
ফাইনালে তারা ম্যানইউ কিংবা ব্রাইটনকে পাবে। রবিবার মুখোমুখি হবে দুই দল।








