একই সঙ্গে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপে ট্রফি জেতার কীর্তি আছে কেবল ম্যানচেস্টার ইউনাইটেডের। এবার তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানসিটি এই অর্জনের দৌড়ে বেশ এগিয়ে আছে। নিশ্চিতভাবে ম্যানইউ চায় না তাদের রেকর্ডের অংশীদার হোক ম্যানসিটি। সিটিজেনদের এই ট্রেবল জয়ের আশা নিজেরাই গুঁড়িয়ে দিতে পারে ইউনাইটেড। কারণ এফএ কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল।
১৯৯৯ সালে একমাত্র ইংলিশ দল হিসেবে এই ট্রেবল জিতেছিল ম্যানইউ। বহু বছর পর ম্যানসিটি সেই অভাবনীয় সাফল্যের হাতছানি পাচ্ছে। তারা প্রিমিয়ার লিগে আর্সেনালের চেয়ে ৫ পয়েন্ট পেছনে থেকে দুই নম্বরে, চ্যাম্পিয়নস লিগেও সেমিফাইনাল নিশ্চিত করেছে। আর সামনে ৩ জুন খেলবে এফএ কাপ ফাইনাল। তিন ট্রফির সবগুলো জিততে চাইলে ওই ম্যাচে ইউনাইটেডকে হারাতেই হবে পেপ গার্দিওলার দলকে।
কিন্তু তা হতে দেবে না ম্যানইউ। রবিবারের সেমিফাইনালে ব্রাইটনকে শুটআউটে হারিয়ে ফাইনালে ওঠার পর কোচ এরিক টেন হ্যাগ ভক্তদের আশ্বস্ত করেছেন, ম্যানসিটিকে কাপ জিততে না দিতে তারা সবকিছু করবে।
টেন হ্যাগ বলেছেন, ‘আমরা সবকিছু উজার করে দিবো। আমি বলছি সবকিছু, মানে সবকিছুই। শতভাগের চেয়ে বেশি আপনি করতে পারবেন না, ভক্তরা ভরসা করতে পারেন। আমরা সিটির বিপক্ষে সেটা দিতে চাই। আমাদের নিখুঁত খেলা খেলতে হবে, এই মৌসুমের সেরা খেলা ছিল এটা। আমাদের আবারও খেলতে হবে।’
কারাবাও কাপ জেতার পর ম্যানইউর সামনে ডাবল ট্রফি জয়ের সুযোগ হাতছাড়া করতে চায় না ম্যানইউ। কিন্তু আরেকটি লক্ষ্য আছে তাদের, প্রিমিয়ার লিগের সেরা চারে থেকে সামনের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলা। টেন হ্যাগ বলেছেন, ‘সবার আগে আমাদের ভিন্ন ব্যাপারে মনোযোগ দিতে হবে কারণ আমাদের (প্রিমিয়ার লিগে) শীর্ষ চারে থাকতে হবে।’








