ম্যানসিটির বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাদের ‘গোলমেশিন’ আর্লিং হাল্যান্ডকে নিয়ে কথা না বলে পারলেন না মিকেল আর্তেতা। আর্সেনাল কোচের মতে, অবিশ্বাস্য গোল রেকর্ডে কারণে এই মৌসুমে অন্য সব খেলোয়াড়ের চেয়ে আলাদা অবস্থানে নরওয়েজিয়ান স্ট্রাইকার।
৩২ গোল করে এবারের লিগে শীর্ষ গোলদাতা এখন হাল্যান্ড। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামের হ্যারি কেইনের চেয়ে আটটি এবং তিনে ব্রেন্টফোর্ডের ইভান টনির থেকে ১২টি বেশি গোল তার। আর একটি গোল করলে ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগ মৌসুমে মোহাম্মদ সালাহর (৩২) সবচেয়ে বেশি গোলের রেকর্ড ভাঙবেন হাল্যান্ড।
সব প্রতিযোগিতা মিলিয়ে এবার সিটির জার্সিতে ৪২ ম্যাচ খেলে হাল্যান্ড করেছেন ৪৮ গোল, চ্যাম্পিয়নস লিগে ১২টি। তাকে নিয়ে আর্তেতার মূল্যায়ন, ‘সংখ্যার দিকে তাকান, কারও সঙ্গে তুলনা চলে না। সে (হাল্যান্ড) গোল করতে পারে, কারণ সবকিছু তার জন্য সঠিকভাবে গড়া হয়েছে। এমনকি তাকে নিয়ে তাদের ভিন্নভাবেও খেলার সামর্থ্য আছে।’
পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আর্সেনাল। কিন্তু দুই ম্যাচ কম খেলেছে ম্যানসিটি। তাদের বিপক্ষে বুধবার না জিততে পারলে শিরোপার লড়াই অনেক কঠিন হয়ে যাবে গানারদের। সেক্ষেত্রে নিজেদের গোল করার পাশাপাশি হাল্যান্ডকেও নিস্ক্রিয় রাখার পথ খুঁজতে হবে।
আর্তেতা সেই ব্যবস্থা করে রেখেছেন, ‘আমরা তাদের হুমকির পাশাপাশি দুর্বলতা নিয়েও কাজ করছি। আমরা জানি তারা কোথায় আছে। তাদের কিপার থেকে শুরু করে সবাই বল পায়ে হুমকি। তারা ভিন্ন কিছু করতে পারে, অনেক কিছু, সেগুলোর সঙ্গে মানিয়ে নিতে হবে আপনাকে। নির্দিষ্ট কিছু বিষয়ের দিকে মনোযোগ দিতে হবে।’
আর্সেনাল সব প্রতিযোগিতা মিলিয়ে গত পাঁচ ম্যাচে অপরাজিত। কিন্তু ২০১৫ সালের পর থেকে সিটির বিপক্ষে লিগে জেতেনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানসিটি ১৬ ম্যাচ অজেয়। ফেব্রুয়ারির শুরুতে টটেনহ্যাম হটস্পারের কাছে শেষবার হেরেছিল, তারপর ১৩টি জয় ও তিনটি ড্র করে তারা।








