মাঠে না নেমেই প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে এগিয়ে থাকার বাড়তি সুবিধা পেয়ে গেলো আর্সেনাল। শিরোপা লড়াইয়ে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার দু’দলই পয়েন্ট হারিয়েছে।
ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে সিটিকে এগিয়ে দিয়েছিলেন আর্লিং হাল্যান্ড। ক্লাবটির হয়ে এটি ছিল তার ১৫০তম গোল। তবে এক ঘণ্টা পার হওয়ার পর অতিথি দলের হয়ে সমতা ফেরান কাওরু মিতোমা। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
এ নিয়ে টানা তিন ম্যাচ ড্র করেছে ছন্দহীন সিটি। বছরের প্রথম দিনে সান্ডারল্যান্ডের বিপক্ষে এবং সপ্তাহান্তে চেলসির বিপক্ষেও তারা ড্র নিয়ে মাঠ ছাড়ে। অথচ দুটো ম্যাচেই লিড পেয়েছিল তারা।
ম্যাচ শেষে সিটি কোচ পেপ গার্দিওলা জানান, ‘ফলাফল তো ফলাফলই। যা করেছি, সেটি যে অন্যায্য—এমনটা আমি বিশ্বাস করি না।’
লিগে দ্বিতীয় স্থানে থাকা সিটি এখনও শীর্ষে থাকা আর্সেনালের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে। বৃহস্পতিবার লিভারপুলকে হারাতে পারলে ব্যবধান আট পয়েন্টে বাড়াতে পারে আর্সেনাল।
সিটির মতো তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলাও পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে। ক্রিস্টাল প্যালেসের মাঠে নিষ্প্রাণ ম্যাচে ০-০ গোলে ড্র করেছে তারা।








