সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে হচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্ব। প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে আক্রমণের পসরা মেলে বড় ব্যবধানে জয় এসেছে। প্রথম ম্যাচে গ্যালারিতে প্রবাসীদের ভিড় ছিল দেখার মতো। স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে রবিবারের ম্যাচেও আশা করা হচ্ছে, গ্যালারি ভর্তি দর্শক থাকবে। তাই তাদের উপস্থিতিতেও বড় ব্যবধানে জয় চাইছে বাংলাদেশ।
শুক্রবার সকালে আগের মতোই খেলার ভেন্যুতে অনুশীলন করেছে গোলাম রব্বানী ছোটনের দল। এক ঘণ্টা ঘাম ঝরিয়েছেন রুমা-থুইনুরা। তাদের সবার চেহারায় আত্মবিশ্বাসের ছাপ।
পুরো দল যে সিঙ্গাপুর বধে মুখিয়ে আছে, তা দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর কথায় পরিষ্কার।
বাফুফের দেওয়া ভিডিও বার্তায় আমিরুল ইসলাম বলেছেন, ‘দলের সবাই ভালো আছে। আমরা প্রথম ম্যাচে ৬ গোলে জিতেছি। পরের ম্যাচের জন্য খেলোয়াড়দের মানসিকভাবে আরও চাঙ্গা করা হচ্ছে, যেন ভালো ফুটবল খেলে পরের ম্যাচ জেতা যায়, দর্শকদের সন্তুষ্ট করা যায়। মেয়েদের ফুটবল সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পরের ম্যাচে ভালো ব্যবধানে জিততে পারবো। সেই চেষ্টা করে যাচ্ছি।’









