ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংস নিজেদের সুপ্রতিষ্ঠিত করেছে দারুণ ধারাবাহিকতা দেখিয়ে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের ঐতিহ্যের প্রতি সুবিচার করতে পারেনি বহু বছর ধরে। এবার চমক দেখালো দলটি। মঙ্গলবার ফেডারেশন কাপের সেমিফাইনালে বসুন্ধরাকে ২-১ গোলে হারিয়েছে তারা। ১৪ বছর পর ফাইনালে মোহামেডান।
সাবেক তারকা ফুটবলার আলফাজ আহমেদের ছোঁয়ায় বদলে গেছে মোহামেডান। তারই প্রতিফলন দেখা গেলো এবারের ফেডারেশন কাপে। ২০০৯ সালে শেষবার ফাইনালে উঠেছিল এবং হয়েছিল চ্যাম্পিয়ন। এবার ১১তম ট্রফি ঘরে তোলার হাতছানি তাদের সামনে। প্রতিপক্ষ চূড়ান্ত হবে ১৬ মে আবাহনী ও শেখ রাসেল ক্রীড়াচক্রের দ্বিতীয় সেমিফাইনাল শেষে। ৩০ মে কুমিল্লায় হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। ২০২০ ও ২০২১ সালের চ্যাম্পিয়ন বসুন্ধরা দ্বিতীয় সেমিফাইনালে পরাজিত দলের বিপক্ষে ২৩ মে গোপালগঞ্জে খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।
সাদা-কালো জার্সিধারীদের হয়ে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল ও মালিয়ান স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে। বসুন্ধরার ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতন একটি গোল শোধ দেন।
২০১৮ সালে অভিষেকের পর ফেডারেশন কাপে খেলে প্রথমবার ফাইনাল না খেলে বিদায় নিলো। গতবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফ খেলার অনুপযুক্ত দাবি করে অংশ নেয়নি।
সব প্রতিযোগিতায় টানা ২৪ ম্যাচ অপরাজিত থেকে ফেডারেশন কাপের সেমিফাইনালে মোহামেডানে মুখোমুখি হয়েছিল বসুন্ধরা। চলতি মৌসুমে এটা তাদের প্রথম হার।
তৃতীয় মিনিটে এগিয়ে যায় মোহামেডান। ২০০৯ সালে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন মোহামেডান তৃতীয় মিনিটে এগিয়ে যায়। থ্রো ইনে সাদউদ্দিন বল বিপদমুক্ত করতে গেলে তা পড়ে রজারের পায়ে। এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের পাসে এমানুয়েলের টোকায় বল জড়ায় জালে। বিরতির দুই মিনিট আগে সমতায় ফেরে বসুন্ধরা। রেজার পাস ধরে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে জাল কাঁপান দোরিয়েলতন। ৫৫তম মিনিটে এমানুয়েলের অ্যাসিস্টে দিয়াবাতে কোনাকুনি শটে জয়সূচক গোল করেন।









