গত বছরের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে দ্বিতীয় লেগে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানো জয়ে ম্যানসিটিকে বিদায় করেছিল রিয়াল মাদ্রিদ। পরে ফাইনালে জিতে ১৪তম ট্রফি জেতে তারা। এবারও তারা শেষ চারে মুখোমুখি। প্রথম লেগ শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে। নিঃসন্দেহে ম্যানসিটি এগিয়ে থাকছে, কারণ দ্বিতীয় লেগ তারা খেলবে নিজেদের মাঠে। আর এই ম্যাচকে ‘ফাইনাল’ হিসেবে দেখছেন কোচ পেপ গার্দিওলা।
প্রথমার্ধে মাত্র ৩৬ শতাংশ বল দখলে রেখেছিল রিয়াল। লক্ষ্যে শট ছিল একটি, যেটা থেকে গোল করেন ভিনিসিউস জুনিয়র। আর দ্বিতীয়ার্ধে ছন্দ হারায় ম্যানসিটি। কিন্তু তারাই পেয়ে যায় গোল কেভিন ডি ব্রুইনার শক্তিশালী শটে। ম্যাচের ফল বলছে, দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।
গার্দিওলা ম্যাচ শেষে বললেন, ‘আমরা যখন ভালো খেলছিলাম, তখন তারা গোল করলো। যখন তারা ভালো খেলছিল, তখন আমরা গোল করলাম। এটা ছিল আঁটসাঁট খেলা। (রিয়াল) অনেক ভালো, অভিজ্ঞ এবং মানসম্মত। কিন্তু আমরাও একই।’
আগামী বুধবার ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটি স্বাগত জানাবে রিয়ালকে। প্রথম ম্যাচের ভুল শুধরে ‘ফাইনালে’ ভালো ফল আনতে বদ্ধপরিকর গার্দিওলা, ‘প্লে অফের মতো এই খেলাগুলো যখন খেলবেন, প্রথমটি থেকে অনেক কিছু শিখবেন। আশা করি আমরা শিখবো, ভালোভাবে ডিফেন্ড করবো এবং আক্রমণেও ভালো কিছু করবো। আমাদেরও ভালো মুহূর্ত ছিল। বল নিয়ে তাদের সামর্থ্যের কারণে আমাদের কিছুটা সময় কঠিন ছিল। কিন্তু ১-১, আগামী বুধবার আমাদের ভক্তদের নিয়ে ঘরের মাঠে ফাইনাল।’
প্রিমিয়ার লিগের খেলোয়াড় হিসেবে এক মৌসুমে রেকর্ড ৫১ গোল করা আর্লিং হাল্যান্ড এই ম্যাচে ছিলেন নিষ্প্রভ। গার্দিওলা এনিয়ে বলেন, ‘(আন্তোনিও) রুডিগার ও ডেভিড (আলাবা) আর্লিংয়ের গা ঘেষে ছিল। তার জন্য এটা সহজ ছিল না। কিন্তু সে ভালো খেলে সুযোগ তৈরি করেছিল।’









