ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বর্তমান চুক্তির শেষ মৌসুমে পা রাখতে যাচ্ছেন মার্কাস র্যাশফোর্ড। নতুন চুক্তি না হলে ২০২৪ সালের জুনে ফ্রি এজেন্ট হিসেবে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়বেন ইংলিশ ফরোয়ার্ড। তবে তার সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি করতে আত্মবিশ্বাসী ক্লাব, বললেন প্রধান কোচ এরিক টেন হ্যাগ।
চলতি মৌসুমে ২৯ গোল করে দারুণ ফর্মে থাকা র্যাশফোর্ডকে নিয়ে ডাচ কোচ বললেন, ‘মার্কাস থাকতে চায় এবং আমরাও চাই সে থাকুক। সুতরাং আমি মনে করি শিগগিরই আমরা সমাধানে পৌঁছাবো।’
সম্প্রতি কিছু চুক্তির ব্যাপারে আলোচনার টেবিলে বসেছিল ম্যানইউ এবং এপ্রিলে লুক শর সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দেয়। টেন হ্যাগ বলেছেন, র্যাশফোর্ডের সঙ্গে এখনও আলোচনা কেন হচ্ছে না জানেন তিনি।
টেন হ্যাগ যোগ করেন, ‘হ্যাঁ, আমি জানি (কারণ)। কিন্তু আমি এই প্রক্রিয়া নিয়ে কথা বলবো না। প্রক্রিয়া চলতে থাকুক। বলতে হচ্ছে, এটা এই মুহূর্তে আমার কিংবা র্যাশির জন্য গুরুত্বপূর্ণ কিছু নয়। তার জন্য গুরুত্বপূর্ণ হলো এই মৌসুমে আরও গোল করা এবং সে দারুণ খেলছে, দলও। আমাদের চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে হবে, সেদিকেই মনোযোগ।’
অসুস্থতার কারণে শনিবার বোর্নমাউথে যেতে পারছেন না র্যাশফোর্ড। ইনজুরির কারণে উলভসের বিপক্ষে জয়ের ম্যাচেও ছিলেন না। কিন্তু এই সপ্তাহে অনুশীলনে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন।
প্রিমিয়ার লিগে সেরা চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার টিকিট পেতে ইউনাইটেডকে শেষ তিন ম্যাচে দুটি জিততে হবে।









