ভ্যালেন্সিয়ার বিপক্ষে রবিবার লা লিগার ম্যাচে চলতি মৌসুমে অষ্টমবারের মতো দর্শকদের কাছ থেকে বর্ণবাদী মন্তব্যের শিকার হলেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। এই ঘটনায় স্টেট অ্যাটর্নি জেনারেলের অফিসে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ক্লাব।
এই ঘটনাকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে উল্লেখ করেছে রিয়াল এবং তীব্র নিন্দা জানিয়ে সোমবার বিবৃতি দিয়েছে।
রিয়াল জানায়, ‘রিয়াল মাদ্রিদ এই ধরনের আক্রমণগুলোকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে বিবেচনা করে, যে কারণে এটি স্টেট অ্যাটর্নি জেনারেলের অফিসে, বিশেষ করে প্রসিকিউটর অফিসে ঘৃণাজনিত অপরাধ ও বৈষম্যের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগ দায়ের করেছে। যেন ঘটনাগুলো তদন্ত করা যায় এবং দায়িত্বগুলো স্পষ্ট করা যায়। আমাদের খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রকে জড়িয়ে গতকালকের ঘটনায় রিয়াল মাদ্রিদ তীব্র নিন্দা জানায়।’
মেস্তায়ায় দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস ভ্যালেন্সিয়ার গোলপোস্টের পেছনে বর্ণবাদী মন্তব্যকারী এক দর্শককে শনাক্ত করার পর কিছুক্ষণের জন্য ম্যাচ বন্ধ ছিল। তার সঙ্গে রেফারি রিকার্ডো ডি বুর্গোস ও মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি আলাপের পর আবার ম্যাচ শুরু হয়। স্টেডিয়ামের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে দর্শকদের সতর্ক করা হয়।
আরেকবার বর্ণবাদের শিকার হওয়ার পর এদিন ম্যাচের শেষ দিকে মেজাজ হারান ভিনিসিয়ুস। প্রতিপক্ষ দলের হুগো দুরোর সঙ্গে হাতাহাতিতে দেখেন লাল কার্ড।
ম্যাচের পর ইনস্টাগ্রামে ভিনিসিয়ুস ক্ষোভ উগড়ে বলেছেন, ‘এটা প্রথমবার নয়। এমনকি দ্বিতীয় কিংবা তৃতীয়বারও নয়। লা লিগায় বর্ণবাদ খুবই স্বাভাবিক বিষয়। এই টুর্নামেন্টের কর্তৃপক্ষ মনে করে এটাই স্বাভাবিক। স্প্যানিশ ফেডারেশনও মনে করে এটা স্বাভাবিক বিষয়। ফলে প্রতিপক্ষ এটাকে আরও বেশি উৎসাহ দেয়।’
তার পরই তিনি লা লিগার সমালোচনা করে বলেছেন, ‘যে লিগ এক সময় রোনালদিনহো, রোনালদো, ক্রিস্তিয়ানোর এবং লিও মেসির ছিল। এখন সেটা বর্ণাবাদীদের।’
নেইমার ও কিলিয়ান এমবাপ্পে ভিনিসিয়ুসকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন।








