সৌদি আরবের ফুটবলকে নতুন করে তুলে ধরেছেন ঠিকই, কিন্তু ব্যক্তিগত সাফল্য পেলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ট্রফি ছাড়াই দেশটিতে প্রথম মৌসুম শেষ করতে হচ্ছে আল নাসরের অধিনায়ককে।
শনিবার ইত্তিফাকের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আল নাসর। আরেক ম্যাচে আল ইত্তিহাদ ৩-০ গোলে আল ফেইহাকে হারিয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে এক ম্যাচ আগেই চ্যাম্পিয়ন হয়েছে। ২০০৯ সালের পর এটাই তাদের প্রথম লিগ শিরোপা।
দাম্মামে আল নাসর আধিপত্য বিস্তার করলেও বিরতির আগে পিছিয়ে পড়ে। ইউসেফ নিয়াকাতে খুব কাছ থেকে ইত্তিফাককে লিড এনে দেন। ৫৬ মিনিটে লুইজ গুস্তাভো সমতা ফেরালেও জিততে পারেনি আল নাসর। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে তার একটি গোল অফসাইডে বাতিল হয়।
রোনালদোকে ৮৪তম মিনিটে বদলি হিসেবে তুলে নেওয়া হয়। গোলে কোনও শট রাখতে পারেননি অধিনায়ক। জানুয়ারিতে ক্লাবটির সঙ্গে চুক্তির পর ১৬ লিগ ম্যাচে ১৪ গোল করেছেন।
এর আগে রোনালদোর দল সৌদি সুপার কাপ সেমিফাইনালে হেরে বিদায় নেয়। এপ্রিলে কিংস কাপেও তার দল হেরে যায় সেমিফাইনালে।









