আর্থিক সংকটের কারণে লিওনেল মেসিকে ন্যু ক্যাম্পে ফেরানো বার্সেলোনার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এই গ্রীষ্মে তাকে নিয়ে আসার কাজ সহজ করতে এবার ইন্টার মিয়ামির সঙ্গে আপস করছে কাতালান ক্লাব।
ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ-এর প্রতিবেদন বলছে, আর্জেন্টাইনকে ঘিরে বার্সা ও মিয়ামি আলোচনা করেছে। পরিকল্পনা অনুযায়ী, মেসিকে ফ্রি এজেন্ট হিসেবে কিনবে মেজর সকার লিগ ক্লাব। তারপর দেড় বছরের জন্য তাকে বার্সার কাছে ধার দেবে। ক্যারিয়ারের শেষলগ্নে মিয়ামিতে ফিরবেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড।
২০২৪ কোপা আমেরিকায় যেন মেসি তার সেরা পর্যায়ে থেকে খেলতে পারেন, সেটাও বিবেচনায় রাখা হয়েছে তাদের এই আলোচনায়। মানে বার্সায় থাকাকালে আর্জেন্টিনার কোপা ট্রফি ধরে রাখার মিশনে নামতে পারবেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।
মেসির পরবর্তী গন্তব্য হিসেবে বার্সা শুরুর দিকে থাকলেও তাদের বর্তমান প্রতিদ্বন্দ্বী আল হিলাল। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ফেরাতে চায় সৌদি ফুটবল। বছরে ৬০ কোটি ইউরো বেতনের প্রস্তাব নিয়ে বসে আছে আল হিলাল। তবে লে’কিপ জানিয়েছে, এখনও কোনও পক্ষকে নিজের সম্মতির কথা জানাননি বিশ্বকাপ জয়ী অধিনায়ক।









