আগামীকাল সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে গতবারের এস-লীগ চ্যাম্পিয়ন ট্যাম্পাইন্স রোভার্সের মুখোমুখি হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় এএফসি কাপের চূড়ান্ত পর্বের 'ই' গ্রুপের খেলায় এ ম্যাচের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে শেখ জামালের।
এই ম্যাচ খেলার জন্য তিন দিন আগে সিঙ্গাপুর পৌঁছেছে শেখ জামাল। খেলোয়াড়রা সবাই ফিট এবং ইনজুরি মুক্ত আছেন বলে জানিয়েছেন ফরোয়ার্ড এনামুল হক। তার ভাষ্য অনুযায়ী, দলে বোঝাপড়ার খানিকটা অভাব রয়েছে। কারণ সবাই একসঙ্গে অনুশীলন করেছে মাত্র কয়েক দিন। এই ঘাটতি কাটিয়ে উঠতে পারলে শেখ জামাল ম্যাচ জয়ের হাসি হাসতে পারে।
কালকের প্রথম একাদশে ঠাঁই পাচ্ছেন গোলরক্ষক সোহেল, ডিফেন্ডার ইয়াসিন খান, ইয়ামিন মুন্না, তপু বর্মণ, লিংকন। মাঝমাঠে জামাল ভূইয়া, সোহেল রানা , এনগুয়েন বেন। ফরোয়ার্ডে ল্যান্ডিং ডারবো, এমেকা ডার্লিংটন ও ওয়েডসন এনসেলমে।
ট্যাম্পাইন্স রোভার্স শক্তিশালী দল। তাদের যাবতীয় চিন্তাধারা ঘুরপাক খাচ্ছে সাবেক লিভারপুল,আর্সেনাল ও ইংল্যান্ড অনূর্ধ্ব ২১ মিডফিল্ডার জারমেইন পেনান্টকে ঘিরে। এছাড়াও তাদের রয়েছে একজন কানাডীয়, একজন কোরিয়ান মিডফিল্ডার ও একজন আইরিস মিডফিল্ডার।
আজ সকালে অনুশীলন করেছে শেখ জামাল। এনামুলের মতে, 'কন্ডিশন তেমন কোনও মাথাব্যাথার কারণ নয়। আমরা এই কন্ডিশনে খেলতে তেমন কোনও অসুবিধার সম্মুখীন হব না। তবে স্থানীয় দল হিসেবে হোম অ্যাডভান্টেজটা ট্যাম্পাইন্স রোভার্সেরই থাকবে। তবে আমরাও ভালো ফুটবল খেলতে প্রতিজ্ঞাবদ্ধ।'
/আরএম/এমআর/








