২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে লিওনেল মেসির চুক্তি নিশ্চিত হওয়ার পর ফ্রান্সের আইকনিক আইফেল টাওয়ার আলোকিত হয়ে তাকে স্বাগত জানিয়েছিল। দুই বছর পর আর্জেন্টাইন ফরোয়ার্ড নতুন ঠিকানায় যাচ্ছেন। ইন্টার মিয়ামির জার্সি পরবেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। তাকে স্বাগত জানাতে কোনও কমতি রাখছে না ফ্লোরিডা।
মিয়ামিতে মেসির আসার খবরে ফ্লোরিডার বিখ্যাত হার্ড রক হোটেল ঝলমলে হয়ে উঠলো শুক্রবার। আর্জেন্টাইন সুপারস্টারকে স্বাগত জানাতে ৪৫০ ফুট উচ্চতার গিটার আকৃতির হোটেল আলোকিত হয়ে উঠলো। ইংরেজি ও স্প্যানিশ ভাষায় বিল্ডিংটির দেয়ালে লেখা ‘স্বাগতম মেসি’।
পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে জুনে ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন মেসি। গত বুধবার এক ঘোষণায় আল হিলাল ও বার্সেলোনাকে হতাশ করে মিয়ামিতে যাওয়ার খবর নিশ্চিত করেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। এখনও প্যারিসেই আছেন তিনি। আগামী ২১ জুন ক্রুস আজুলের বিপক্ষে হোম ম্যাচের আগে মিয়ামিতে অভিষেক হতে পারে তার। সেই দিনটির জন্য অধীর হয়ে অপেক্ষা করছে আমেরিকান ফুটবল!









