সিলভিও বারলুসকোনি, ইতালির প্রধানমন্ত্রী ছিলেন। সোমবার ৮৬ বছর বয়সে তিনি মারা গেছেন। তার প্রয়াণে শোকের ছায়া নেমেছে এসি মিলানে। কারণ ক্লাবটির একসময়ের মালিক ছিলেন তিনি। সাবেক এই ‘অবিস্মরণীয়’ মালিককে শেষ বিদায়ে শ্রদ্ধা জানিয়েছে ইতালিয়ান ফুটবলের জায়ান্টরা।
১৯৮৬ সালে নিজ শহরের ক্লাব কেনেন বারলুসকোনি। ধুঁকতে থাকা এই দলকে ফুটবলের অন্যতম সফল ক্লাব বানিয়েছেন। তার অধীনে মিলান পাঁচটি ইউরোপিয়ান কাপ ও আটটি ইতালিয়ান লিগ শিরোপা জেতে।
খুব বেশি দিন হয়নি, মিলানের মালিকানা ছেড়েছেন বারলুসকোনি। ২০১৭ সালে ৭৪ কোটি ইউরোতে চীনা বিনিয়োগকারীদের কাছে ক্লাব বিক্রি করে দেন তিনি।
বারলুসকোনির মৃত্যুতে মিলান টুইটে শোকবার্তা দিয়েছে, ‘গভীরভাবে মর্মাহত। অবিস্মরণীয় সিলভিও বারলুসকোনির মৃত্যুতে এসি মিলান শোকাহত। তার পরিবার, সহযোগী ও সবচেয়ে কাছের বন্ধুদের জানাই আন্তরিক সমবেদনা।’
মিলানকে বিক্রি করে দেওয়ার দেড় বছরের মধ্যে সাবেক ইতালিয়ান প্রধানমন্ত্রী ফুটবলে ফিরে আসেন। তার হোল্ডিং কোম্পানি ফিনইনভেস্ট ২০১৮ সালে তৃতীয় বিভাগীয় দল মোনজার শতভাগ শেয়ার কিনে নেয়।
বারলুসকোনি ও সাবেক মিলান প্রধান নির্বাহী আদ্রিয়ানো গাল্লিয়ানি এই ক্লাবকে ১১০ বছরের মধ্যে প্রথমবার সিরি আ-তে তুলতে সহায়তা করেন। মোনজাও শোকবার্তা দিয়েছে, ‘সারাজীবন আমাদের সঙ্গে থাকবেন। আদ্রিয়ানো গাল্লিয়ানি ও এসি মোনজার সবাই সিলভিও বারলুসকোনির মৃত্যুতে শোকাহত। এই শূন্যতা কখনও পূরণ হবে না। সবকিছুর জন্য ধন্যবাদ প্রেসিডেন্ট।’
বর্তমান রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি খেলোয়াড়ি ক্যারিয়ারে ১৯৮৮ সালে বারলুসকোনি যুগে মিলানকে প্রথম লিগ শিরোপা এনে দিতে অবদান রাখেন। পরে ২০০১ ও ২০০৯ সালে ক্লাবটির কোচও হন তিনি। টুইটারে বারলুসকোনিকে স্মরণ করলেন আনচেলত্তি, ‘আজকের এই শোক একসঙ্গে কাটানো সুখের মুহূর্তগুলো মুছে ফেলতে পারবে না। প্রেসিডেন্টের প্রতি অসীম কৃতজ্ঞতা রয়েছে, তবে সবার উপরে একজন বিশ্বস্ত, বুদ্ধিদীপ্ত, আন্তরিক মানুষের প্রতি।’








