ফিফা র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে থাকা কম্বোডিয়ার বিপক্ষে দারুণ কিছু করতে চায় বাংলাদেশ। কাল বৃহস্পতিবার নমপেনের অলিম্পিক স্টেডিয়ামে সন্ধ্যা ৬টার ফিফা প্রীতি ম্যাচটিতে ইতিবাচক কিছু করেই ভারতের সাফ চ্যাম্পিয়নশিপে যাওয়ার লক্ষ্য হাভিয়ের কাবরেরার। তবে কাজটি যে সহজ হবে না, সেটিও বুঝতে পারছেন ৩৭ বছর বয়সী।
কঠিন লড়াই বলা হলেও পরিসংখ্যান কিন্তু বাংলাদেশের পক্ষে কথা বলছে। এখন পর্যন্ত দুই দল পাঁচটি ম্যাচে মুখোমুখি হয়েছে। বাংলাদেশ চারটিতে জয় পেয়েছিল। অন্য ম্যাচটি ড্র হয়েছে। ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে প্রথম মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচ বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে। সবশেষ গত বছর ২২ সেপ্টেম্বর প্রীতি ম্যাচে রাকিব হোসেনের গোলে বাংলাদেশ জিতেছিল। নমপেনে কোচ ছিলেন কাবরেরা নিজেই। এবার সাফ চ্যাম্পিয়নশিপের কঠিন পরীক্ষায় নামার আগে কালকের ম্যাচটি জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাচ্ছেন তিনি, ‘এখানে চার-পাঁচ দিনের মতো প্রস্তুতি নিয়েছি। এর আগে ঢাকায় এক সপ্তাহের ট্রেনিং করেছি। এ বছর আমাদের মূল প্রাধান্য বিশ্বকাপ বাছাই ও সাফ চ্যাম্পিয়নশিপ। এগুলো আমাদের জন্য অনেক বড় টুর্নামেন্ট। আমরাও প্রস্তুত। কম্বোডিয়ায় আসতে পারাটা আমাদের জন্য দারুণ অনুভূতির। গত সেপ্টেম্বরে এখানে এসেছিলাম এবং আমরা জানি সেসময় কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েছিলাম। কালকেও তেমন ম্যাচ হবে।’
সাফ চ্যাম্পিয়নশিপের আগে কম্বোডিয়ার মতো দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা বেশ কাজে দেবে বলে মত কাবরেরার, ‘আমরা ভাগ্যবান যে এখানে ট্রেনিংয়ের জন্য ভালো মাঠ পেয়েছি এবং টিফফি আর্মির বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে পেরেছি, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কালকের ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কম্বোডিয়ার মতো মানসম্পন্ন দলের বিপক্ষে ম্যাচটা সাফের জন্য আমাদের পারফেক্ট প্রস্তুতির উপলক্ষও।’
বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় এই স্প্যানিশ কোচ অতীতের মতোই সতর্ক হয়ে বলেছেন, ‘গত সেপ্টেম্বরে কম্বোডিয়ার অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে জাপানের ম্যাচ ছিল। সেসময়ের অনেকেই আমাদের বিপক্ষে খেলতে পারেনি। আমরা তাদের জন্যও প্রস্তুত। কিন্তু আমাদের জন্য বিষয়টি নির্দিষ্ট কোনও খেলোয়াড় ঘিরে নয়।’
এরপরই যোগ করে কাবরেরা আরও বলেছেন, ‘আমরা এই দলের মান সম্পর্কে জানি এবং আগের মতো মনোভাব নিয়ে খেলতে নামবো। যদি গত সেপ্টেম্বরের মতো কঠোর পরিশ্রম করতে পারি, নিশ্চিতভাবেই আমাদের সুযোগ থাকবে। আগেও বলেছি, তাদের দলের মান নিয়ে। ফলে কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য পরীক্ষার।’








