সাফ চ্যাম্পিয়নশিপে পরিকল্পনা মতো খেলতে শুরু করেছে বাংলাদেশ। দারুণ প্রস্তুতি নিয়ে বেঙ্গালুরুতে পৌঁছে শুভসূচনার ব্যাপারে আশাবাদী ছিল তারা। কিন্তু লেবাননের বিপক্ষে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় হাভিয়ের কাবরেরার দল। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে নিজেদের ফিরে পায় লাল সবুজেরা। এক গোলে পিছিয়ে পড়েও ৩-১ ব্যবধানে দুর্দান্ত জয়। পরের ম্যাচ ভুটানের সঙ্গে। এই ম্যাচ জিতলে সেমিফাইনালে ওঠার আনন্দে ভাসবে বাংলাদেশ। সেই সাফল্য উদযাপনের অপেক্ষায় তারা।
দলের ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম বললেন, লম্বা প্রস্তুতির ফসল পেতে শুরু করেছে বাংলাদেশ। তার ভাষ্য, ‘সৌদি আরবে ক্যাম্প করা শুরু থেকে সম্পূর্ণ একটা পরিকল্পনা-প্রক্রিয়ার মধ্যে আছি। কম্বোডিয়া-লেবানন ম্যাচ। কোচ আমাদের ভিডিওতে দেখিয়ে দেন, সেটা করেছি, সেভাবে প্রস্তুতি নিয়েছি। এর ফল এটা।’
মালদ্বীপকে ২০ বছর পর সাফে হারিয়ে সেভাবে উদযাপন করেনি বাংলাদেশ। কারণ লক্ষ্য থেকে এখনও দূরে তারা। সেমিফাইনালে ওঠার ক্ষণ উদযাপনের অপেক্ষায় পুরো দল, ইব্রাহিম বললেন, ‘মালদ্বীপ ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। অনেক বছর সাফে চ্যাম্পিয়ন হতে পারছি না। এখনও বলতে পারছি না সেমিফাইনাল নিশ্চিত। তাই উদযাপনটা পরে করবো।’
২০০৯ সালে শেষবার সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। ১৪ বছর পর সেই আকাঙ্ক্ষিত মঞ্চে পা রাখার স্বপ্ন দেখছে তারা। ইব্রাহিম বলেন, ‘প্রথম লক্ষ্য সেমিফাইনাল। কোচ প্রথম অনুশীলনে বলেছিল আগে সেমিফাইনাল, তারপর ফাইনালের পরিকল্পনা।’









