সাধারণত বুড়োদের লিগ বলে পরিচিত যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার। অবসরের আগে এই লিগে খেলোয়াড়রা ছুটির আমেজে উপভোগ করেন ফুটবল। তাই লিগটাকে অনেকে গুরুত্বের সঙ্গে হয়তো দেখেন না। কিন্তু ইন্টার মিয়ামিতে কোচ হয়ে নতুন কোচ জেরার্ডো টাটা মার্টিনো জোর দিয়ে বলেছেন, মেসি-বুসকেটজদের বেলায় তেমনটি হচ্ছে না। তার কথা, মেসি-বুসকেটজরা এখানে ছুটি কাটাতে আসছেন না।
বুধবার নতুর কোচ হিসেবে মার্টিনোর নাম ঘোষণা করেছে ইন্টার মিয়ামি। ক্লাবটিতে মেসি-বুসকেটজ যোগ দেওয়ার কথা বললেও এখনও আনুষ্ঠানিক চুক্তি বাকি। তার পরেও সাবেক বার্সা কোচ হিসেবে দুই ফুটবলারের সম্পর্কে খুব ভালোভাবে জানা আছে তার। মিয়ামিতে যোগ দিয়ে পরিচয় পর্বের দিনে মার্টিনো বলেছেন, ‘আমরা যখন লিওর সঙ্গে কথা বলি, একইভাবে গতকাল বুসকেটজের সঙ্গেও কথা হয়েছে। তখন আমরা কীভাবে সাফল্য অর্জন করা যায়, কীভাবে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ তোলা যায়, সেটি নিয়ে কথা বলেছি।’
তার পর-ই মার্টিনো বলেছেন মেসি-বুসকেটজরা মোটেও ছুটির আমেজে এখানে খেলতে আসছেন না, ‘ব্যক্তিগতভাবে এখানে একটা বিষয় কাজ করে। আমরা যুক্তরাষ্ট্র, মিয়ামি, ছুটি কাটানো-- বিষয়গুলো এভাবে মেলাতে চাই। কিন্তু বিষয়টা তেমন নয়। আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আর ওরা এমন ফুটবলার নয়, যারা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া খেলতে চাইবে।’
মিয়ামির আগেও বার্সেলোনায় মেসি-বুসকেটজদের কোচ ছিলেন মার্টিনো। সেটা ছিলেন ২০১৩-২০১৪ সালে। তাছাড়া মেসিদের আর্জেন্টিনা ফুটবল দলেরও কোচ ছিলেন তিনি। মার্টিনো জানিয়েছেন, মেসি-বুসকেটজের চুক্তির খবর নিশ্চিত হওয়ার আগে থেকেই তার সঙ্গে কথা হচ্ছিল মিয়ামির। যিনি মেজর লিগ সকারে ২০১৭ সালে আটলান্টা ইউনাইটেডেরও কোচ ছিলেন, ‘আমি মেসি-বুসকেটজের কথা ওঠার আগেই ক্লাবটির সঙ্গে আলোচনা শুরু করি। আমার কাছে সব সময়ই এই সুযোগ আকর্ষণীয় মনে হয়েছে।’









