বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন। খেলেনও ফরোয়ার্ড পজিশনে। লাল-সবুজ দলে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ও তিনি। কিন্তু আজ রবিবার ফিফা প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টাইব্রেকারে গড়ানো ম্যাচে সাবিনাকে টাইব্রেকারে শট নিতে দেখা যায়নি। এ নিয়ে আলোচনা কম হয়নি।
ম্যাচটি নেপালের কাছে ৪-২ গোলে হারতে হয়েছে। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক সাবিনা অবশ্য নানান ব্যাখ্যা দিয়েছেন। শুরুতে বলেছেন,‘টাইব্রেকার হলো ভাগ্য। আমাদের ভাগ্য পক্ষে থাকেনি। আমরা সাফে যে নেপালকে দেখেছি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, ওরা পরবর্তীতে ৪-৫টা ম্যাচ খেলার পরও পারফরম্যান্স আমাদের চেয়ে আহামরি যে ছিল, তা কিন্তু নয়। ১০ মাসের ঘাটতি একটু দেখা গেছে। আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারলে সেটা পূরণ হতো। ১০ মাস অনুশীলন করছেন, কিন্তু কোনও ম্যাচ খেলছেন না তার প্রভাব তো পড়বেই।’
নিজে শট না নিয়ে অন্যদের দিয়ে ‘ভাগ্য পরীক্ষার’ কারণ ব্যাখ্যা করতে গিয়ে সাবিনা বলেছেন, ‘যারা গেছে, আমার চেয়ে তারা ভালো মারে, তাই তারাই টাইব্রেকারে শট নিতে গেছে। অধিনায়ক কিংবা সেরা খেলোয়াড় হলেই যে সবসময় টাইব্রেকারে শট নিতে হবে তা কিন্তু নয়। গতকাল পরিকল্পনা ছিল টাইব্রেকার নিয়ে, যারা যারা শট নেবেন তাদের নিয়ে। তবে সফল হয়নি।’
নিয়মিত কোচ গোলাম রব্বানী ছোটন নেই। তার অভাব অনুভূত হয়েছে কি না প্রশ্নে সাবিনার উত্তর, ‘এই কথাগুলো বললে বর্তমানে যে থাকে তাকে হেয় করা হয়। ছোটন স্যার থাকলে আমাদের জন্য ভালো হতো। তার অনুপস্থিতির প্রভাব কিছুটা পড়ে। তবে বর্তমান নিয়ে থাকলেই ভালো।’








