ইতালি ও পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোনারুমা ও তার বান্ধবী প্যারিসে নিজ বাসায় ডাকাতি ও হামলার শিকার হয়েছেন।
পুলিশ সূত্রে ফরাসি মিডিয়াকে জানায়, দোনারুমা ও তার বান্ধবীকে তাদের ফ্ল্যাটে বেঁধে রেখেছিল দুর্বৃত্তরা। পরে তারা কোনোরকমে পালিয়ে রাত সাড়ে তিনটার দিকে কাছের একটি হোটেলে আশ্রয় নেন। হোটেল স্টাফরা পুলিশকে ঘটনা জানান এবং দুজনকে হাসপাতালে নেওয়া হয়।
প্যারিসের প্রসিকিউটর অফিসের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, দোনারুমার বাসায় সংগঠিত এই ডাকাতির ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। ফ্রান্সের বিশেষ বিআরবি পুলিশ ইউনিট সশস্ত্র এই দুর্বৃত্তদের ধরতে অভিযানে নেমেছে।
দুর্বৃত্তরা ৫ লাখ ইউরো সমমূল্যের অলঙ্কার নিয়ে পালিয়েছে। ইতালির ইউরো জয়ী কিপার সামান্য আহত হয়েছেন। তবে তার বান্ধবী মডেল এলেসিয়া এলেফেন্তে অক্ষত আছেন।
২৪ বছর বয়সী দোনারুমা দুই বছর আগে প্যারিসে আসেন। ক্লাবের প্রাক মৌসুমের জন্য তৈরি হতে শুক্রবার পিএসজির স্কোয়াডে তার যোগ দেওয়ার কথা ছিল।









