দুই গোলে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। গত মৌসুমে ট্রেবল জেতা ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব তারপর গর্জে উঠলো। জাপানের জে লিগ চ্যাম্পিয়ন ইয়োকোহামা এফ-মারিনোসকে ৫-৩ গোলে হারালো পেপ গার্দিওলার দল। প্রাক মৌসুমের প্রথম ম্যাচে জোড়া গোলে চিরচেনা রূপে দেখা দেন আর্লিং হাল্যান্ড।
টোকিওতে ৬১ হাজারের বেশি দর্শকরা এসেছিলেন আকাশী নীল জার্সিধারীদের উৎসাহ দিতে। তাদের হতাশ করেনি জাপানি চ্যাম্পিয়নরা। গত মাসে চ্যাম্পিয়নস লিগ জেতা মাত্র চারজন সিটির প্রাথমিক একাদশে ছিলেন। তারই প্রভাব পড়েছিল খেলায়। ২৭ মিনিটে পিছিয়ে পড়ে ইংলিশ ক্লাব। স্টেফান ওর্তেগা প্রথম শট রুখে দিতে পারলেও অ্যান্ডারসন লোপেস ঠিক জাল খুঁজে পান। ১০ মিনিট পর রাইট ব্যাক কেন মাতসুবারা ২-০ করেন।
জন স্টোনস ৪০তম মিনিটে একটি গোল শোধ দেন। দুই মিনিট পর সিটি সমতা ফেরায়। কেলভিন ফিলিপসের চাপে মারিনোস গোলকিপার জুন ইচিমোরি দ্বিধান্বিত হয়ে পড়েন এবং জুলিয়ান আলভারেজ জাল কাঁপান।
হাফ টাইমে দলে ১০টি পরিবর্তন আনেন গার্দিওলা। তারপর আর পাত্তা পায়নি স্বাগতিকরা। বদলি নামা হাল্যান্ড ৫২ মিনিটে ফিল ফডেনের পাস থেকে ৩-২ করেন। ইস্তানবুলে চ্যাম্পিয়নস লিগে জয় নির্ধারক গোল করা রদ্রি ২০ মিনিট পর বল জালে জড়ান। কেন্তা ইনো খেলা শেষ হওয়ার চার মিনিট আগে সান্ত্বনার গোল করেন। স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে দলের পঞ্চম গোল করেন হাল্যান্ড।
এশিয়া সফরের দ্বিতীয় ম্যাচে আগামী বুধবার টোকিওতে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ম্যানসিটি। তারপর অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে লড়তে সিউলে রওনা হবে ইউরোপ চ্যাম্পিয়নরা।








