গত শুক্রবার ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মিয়ামি জিতেছিল ছয় ম্যাচ পর। লিওনেল মেসি অভিষেক ম্যাচ স্মরণীয় করে রাখেন শেষ মিনিটে ফ্রি কিক থেকে জয়সূচক গোল করে। মঙ্গলবার প্রথমবার শুরুর একাদশে জায়গা পেয়ে মন্ত্রমুগ্ধ করে দিলেন সবাইকে। লিগস কাপে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারাতে দুইবার জাল কাঁপান মেসি। কোচ জেরার্ডো মার্টিনোর মতে, দলের মধ্যে সংক্রামক শক্তি ছড়িয়ে দিয়েছেন এলএমটেন। আর্জেন্টাইন কোচের মতে, এখন কোনও চাপ ছাড়াই খেলছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।
মায়ামির হয়ে ২২ মিনিটের মধ্যে জোড়া গোল করেন মেসি। ক্লাবটি নিজেদের ইতিহাসে প্রথমবার তিন গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। পরে আরেকটি গোল বানিয়ে দেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড। মাত্র দুই ম্যাচে তিন গোল করেছেন তিনি। অথচ এই সংখ্যক গোল করতে বার্সেলোনায় তার লেগেছিল ১৯ ম্যাচ এবং পিএসজিতে ছয় ম্যাচ।
মায়ামির টানা জয়ে মেসির প্রভাব অস্বীকার করার উপায় নেই। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের শ্রেষ্ঠত্ব নিয়ে আলাদা করে কথা বলেছেন মার্টিনো। কোচের মতে, গত দুই বছর ধরে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়ার যে চাপ কাঁধে বয়ে বেড়াচ্ছিলেন, তা নেমে যাওয়ায় এখন আরও বেশি প্রাণবন্ত মেসি।
ম্যাচ শেষে মার্টিনো বলেছেন, ‘সবচেয়ে বড় পরিবর্তন হলো, গত দুই বছর ধরে আর্জেন্টিনা জাতীয় দলকে নিয়ে যে চাপ লিও নিজের কাঁধে বয়ে বেড়াচ্ছিল সেটা থেকে মুক্ত হয়েছে। সেটা দেখা যাচ্ছে সবক্ষেত্রে: তার দৈনন্দিন জীবনে, তার বক্তব্যে, প্রতি ম্যাচে নামার সময়।’
মেসির এমন পারফরম্যান্স আরও বেশি বেশি দেখার প্রত্যাশা কোচের, ‘সে এখন খুব ভারমুক্ত খেলোয়াড়। নিঃসন্দেহে তার মতো ক্ষমতাসম্পন্ন একজন খেলোয়াড় চাপমুক্ত হওয়ার মানে আরও বেশি এই ধরনের পারফরম্যান্স দেখতে শুরু করা।’









